পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে ঢাকাগামী যাত্রীবাহী বাস উল্টে ৮ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে সেতু থেকে নামার সময় নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি সড়কের ওপর আছড়ে পড়ার কারণে সেতু থেকে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ দুর্ঘটনায় আহতরা হলেন: সাইফুল্লাহ (৮০), মো. লুৎফর (৬৩), রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬), রশিদা (৪০), ফাতেমা (৭), সাইফ (২৩) ও আরাফাত (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসযাত্রীদের আর্তচিৎকারে লোকজন উদ্ধারে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঢালের সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর প্রায় পৌনে ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান মুহাম্মদ সফিকুল ইসলাম।