সিলেট নগরীর একটি পূজামণ্ডপে দায়িত্বে পালনকালে গান পরিবেশন করা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এর আগে সোমবার রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। ওই সময় পূজা উদযাপন পরিষদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।
তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুলিশের ইউনিফর্ম পরে পূজামণ্ডপের মঞ্চে গান গাইছেন এএসআই ফারুক। তাকে জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গানটি পরিবেশন করতে শোনা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এসএমপির উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বুধবার বলেন, ওই পুলিশ সদস্য সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলা।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
উপ-কমিশনার জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।