ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির তিনটি কক্ষ ও বাইরে রাখা তিনটি ট্রাকে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়িতে একা থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, ১৫ থেকে ২০ জন সশস্ত্র দুর্বৃত্ত দেয়াল টপকে বাড়িতে ঢোকে। তারা মূল্যবান জিনিসপত্র লুট করে। এরপর বাড়ির তিনটি কক্ষ ও বাইরে রাখা তিনটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে মাঝপথে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে তারা ফিরে আসেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাজি রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০২৪ সালের অক্টোবরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।