মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদীতে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধ ও মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
এ সময় তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় ও ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করে উপজেলা প্রশাসন।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।