রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মীয়মাণ ভবনে স্যানিটারির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম (১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অন্য শ্রমিকরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে। সে পরিবারের সঙ্গে আফতাবনগরের এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।
নিহামের সঙ্গে কাজ করা আল-আমিন জানান, তারা ভবনটির আটতলায় স্যানিটারির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি নিচে নামেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সহকর্মীরা নিহামকে অচেতন অবস্থায় নিচে নামিয়ে আনছেন। তারা তাকে জানান, কাজ করার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
তিনি আরও জানান, নিহামকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দুপুরের দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।