ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার শাহবাজপুর গ্রামের আরশ আলী (৬৫) ও তার নাতি আলিফ মিয়া (৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমী দাস (৩০) এবং জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় অতিরিক্ত গতি থাকায় বৈশামুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা ৪ জন যাত্রী নিহত হন। এছাড়াও কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের সরাইল ইউনিট ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে নিহতদের স্বজনরা মরদেহ নিজ জিম্মায় বাড়িতে নিয়ে যান।
সড়ক দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে ধীরগতিতে যানবাহন চলাচল করছিল। পরে দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যান। খাদে পড়া বাসটি উদ্ধারে প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।