মুন্সীগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫)। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটে খবর আসে, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের দুজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। তারা মোট আটজন গোসল করতে নেমেছিলেন।
খবর পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজরা উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।