ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো পশ্চিম তালদিঘীর ফকিরবাড়ি এলাকার মোখলেছুর রহমানের মেয়ে আরাবিয়া (৮) ও রাবেয়া (৫)। তারা স্থানীয় তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে শিশু দুটির মা গৃহকর্মী ফাতেমা আক্তার কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় দুই মেয়েও তার সঙ্গে ছিল। মা রাস্তা পার হয়ে কাজে চলে গেলেও শিশু দুটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।
এ সময় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান শিশু দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দাফনের অনুমতি দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।