যশোরের মনিরামপুর উপজেলায় নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্বজনদের অভিযোগ, কিছুদিন আগে ইমামুল হোসেনের নাতনিকে স্থানীয় কয়েকজন যুবক ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গতকাল (সোমবার) রাতে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালানো হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে ইমামুল হোসেনকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, ইমামুল হোসেনের পিঠের ডান পাশে গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের দাবি, রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।