যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় তালতলা এলাকায় সামনে থাকা অপর একটি মোটরসাইকেল অতিক্রম করার চেষ্টা করেন তারা। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।