রাজধানীর রমনা থানায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল বারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে থানার ডিবি কার্যালয়ের পাশের ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি কার্যালয়ের পাশে ক্রসিংয়ে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আব্দুল বারী নামে ওই মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম পরিচয় জানতে পারি। তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামে। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে ছিলেন। আমরা তার পরিবারকে খবর দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় একটি তারবার্তা পাঠিয়েছি।
ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন এসআই আবু হানিফ।