রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে স্রোতের টানে নিখোঁজ হয় সে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার সন্ধান করছে।
নিখোঁজ নুর আমিন দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়ার রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয়দের বরাতে জানায়, আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে নুর আমিনসহ চার বন্ধু বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী এলাকায় যায়। সেখানে এক সপ্তাহ ধরে ড্রেজিং চলছিল। ফলে নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি হয়। সেখানে তিন বন্ধু নুর আমিন, সাব্বির ও রায়হান নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর স্রোতের টানে নুর আমিন তলিয়ে যায়।
পরে বন্ধুরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়দের পাশাপাশি নৌপুলিশ নদীতে তল্লাশি শুরু করে। দুপুর ২টার দিকে আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নুর আমিনের দাদা আনোয়ার ফকির বলেন, দৌলতদিয়া নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত আমার নাতির কোনো সন্ধান পায়নি তারা।’
আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. জাহিদুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের মধ্যে চারজন ডুবুরি নিখোঁজ শিশুটির সন্ধানে কাজ করছেন। বিকেল ৫টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। স্রোতের কারণে তাদের উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।