রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার (১৮ মে ) সকাল থেকে শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ করে দেয়।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ। এর প্রতিবাদে আজ (সোমবার) সকাল থেকেই সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন তারা।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, এই কমিটির অধীনে আমরা বাস পরিচালনা করতে চাই না। এজন্য সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে, নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।