চিকিৎসা সরঞ্জামের সংকট সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান।
মুশফিকুর বলেন, হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কখনও কখনও সংঘবদ্ধ হুমকিও পাচ্ছেন তারা।
তিনি আরও বলেন, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এতে সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।