রাজধানীর লালবাগে একটি বাসার ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) রাতে লালবাগের বিডিআর ২ নম্বর গেটের নয়াপল্টন গলিতে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে ঢামেকে নিয়ে আসা মো. হোসেন নামের এক ব্যক্তি জানান, বিডিআর ২ নম্বর গেটের নয়াপল্টন গলির একটি বাসার চারতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে কয়েকজন পথচারী মিলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার নাম পরিচয়ও জানতে পারিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।