লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ও গরুবোঝাই নসিমন রাস্তার পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজানুল হক বলেন, গরুর ব্যাপারী ফজলুল হক গরুবোঝাই নসিমন নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে তার কর্মস্থলে যাচ্ছিলেন।
এ সময় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে নসিমন ও মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই ফজলুল হক ও তার একটি গরু মারা যায় এবং এমদাদুল হক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। খাদে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।