চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে কম সরবরাহের কারণে লালমনিরহাট জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তীব্র তেলের সংকট দেখা দিয়েছে। এতে করে জ্বালানি নিতে আসা গাড়ি ও মোটরসাইকেলচালকরা ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না।
ঈদুল ফিতরের ছুটি শেষে যানবাহনের চাপ ও জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। ফলে সাধারণ ভোক্তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
পাম্পগুলোতে মোটরসাইকেলচালকসহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে গিয়ে অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনাও ঘটছে। গ্রাহকদের চাপ সামলাতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার হচ্ছে।
এদিকে, তেলের সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী খোলা জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ আরও বাড়ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্টরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। অন্যথায় জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।