শেরপুরের শ্রীবরদীতে খালে ভাসমান প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া বাজারে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, খালের পানিতে প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ড্রামটি খুলে ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই নারীকে হত্যার পর দেহ ড্রামে ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মরদেহের গলায় কাপড় পেঁচানো এবং কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার তদন্ত ও মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও ঘটনাস্থলে রয়েছে।