ফরিদপুরে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর দায়ের করা সহিংসতার মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ জিয়া হায়দার নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ মো. আলতাফ হুসাইন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাটিকানাইপুরের বাসিন্দা। চলতি বছরের ২৭ জুন কোতয়ালী থানায় তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে একটি মামলা হয়। ওই মামলার ১ নম্বর আসামি তিনি।
পুলিশ জানায়, মধ্য কাশিমাবাদ গ্রামের জামে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি ও ঈদুল ফিতরের নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে ঈদের দিন গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর জেরে পরবর্তীতে ২৬ জুন দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় মধ্য কাশিমাবাদ গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইনকে ১ নম্বর আসামি করে এবং ৪২ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা করেন।
এসআই আবুল বাশার বলেন, ‘ওই মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন শাহ মো. আলতাফ হুসাইন। মেয়াদ শেষ হওয়ায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।’