হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে পুলিশ নিহতের দেহ উদ্ধার করেছে।
নিহত তারেক মিয়া (২২) নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অভিযুক্ত সাহেল একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজ করতে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি বাড়িতে যান। পরদিন রাতে আইফোন-১১ হাতিয়ে নিতে তারেককে গলা কেটে হত্যা করেন সাহেল। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যান তিনি।
অন্যদিকে তারেক বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাহেলকে শনাক্ত ও আটক করে।
জিজ্ঞাসাবাদে সাহেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) রাতে ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।