লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন পথচারী আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার শিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০) ও একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল হক (৪৮)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বড়খাতা এলাকা থেকে ভাড়ায় চালিত একটি অটোরিকশা হাতীবান্ধা সদরে যাচ্ছিল। রিকশাটি ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেল শোরুমে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও তিনজন পথচারী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।