লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার খবর পেয়ে এক যুবলীগ নেতাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানান।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন।
অন্যদিকে আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি লক্ষ্মীপুরের ঝুমুর মোড় থেকে ইকোনো বাসের এক যাত্রীকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলালকে উদ্ধার করা হয়। এ সময় জামালকে আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিরা পালিয়ে যান।
পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক জামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।