র্যাব
ঈদুল আজহা সামনে রেখে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই: র্যাব ডিজি
পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তবে কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব ডিজি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ঈদুল আজহা উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি অনুভব করিনি। তবে হুমকি না থাকলেও আমাদের নিজস্ব যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেটি জোরদার রয়েছে।
তিনি আরও বলেন, ঈদের প্রধান প্রধান জামাতগুলোতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। দেশব্যাপী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্টের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে ফাঁকা রাজধানীর নিরাপত্তা প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, ঈদে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবিলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সব মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কোরবানির পশুর হাট ও জাল টাকা রোধে র্যাবের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি রোধে র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধ ও শনাক্তকরণে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে ও জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান আছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে নিয়ে যেতে বাধ্য করতে না পারে, সে বিষয়েও বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার উইং সক্রিয় রয়েছে জানিয়ে র্যাব প্রধান বলেন, ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো গুজব বা বিভ্রান্তিকর পোস্ট দিতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং সার্বক্ষণিকভাবে চালু রয়েছে। কেউ এ ধরনের অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবানের রুমা ও থানচিতে র্যাবের ক্যাম্পে কেএনএফের হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে র্যাব ও পুলিশের বিশেষ ক্যাম্প কার্যক্রম পরিচালনা করছে এবং তারা দায়িত্বশীলতার সঙ্গেই কাজ করছে। র্যাবের ক্যাম্পে মূলত কোনো হামলা হয়নি। আমরা নতুন একটি ক্যাম্প করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, সেখানে তারা অতর্কিত হামলা করেছে। এর পেছনে আমাদেরও কিছু অসাবধানতা বা দুর্বলতা ছিল।
তিনি আরও বলেন, ইয়াসিন বাহিনী বা অন্য কেউ র্যাবের চেয়ে শক্তিশালী হওয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আর সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
র্যাব ডিজি বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।
৪ দিন আগে
র্যাব আগের মতো থাকছে না, হচ্ছে আলাদা আইন: উপদেষ্টা জাহিদ
র্যাব আগের মতো থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পুলিশ থেকে বেরিয়ে র্যাবের জন্য পূর্ণাঙ্গ আইন হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
র্যাব বিলুপ্তির কথা বলা হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে আগের মতোই থাকছে না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, গতকাল র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে আমি সেখানে উপস্থিত ছিলাম। র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, এখনও এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। আমি আবারও বলছি, আগের মতো কেন বলছি? কারণ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন এবং আপনারা সংবাদ প্রচার করেছেন, র্যাবের জন্য একটা নতুন আইন হবে।
তিনি বলেন, এতদিন পর্যন্ত র্যাব পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। তাই একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে। যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি সুস্পষ্ট থাকবে। সুতরাং, র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।
জাহেদ উর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের যে বৈঠক ছিল, সেখানে আমাদের সম্পাদকরা—আমাদের এই সমসাময়িক অনেক ইস্যু এনেছিলেন। এর মধ্যে ব্যাংকের আইনের প্রসঙ্গ এনে খেলাপি ঋণের আলাপ এনেছিলেন। তখন আমি সম্পাদকদের উদ্দেশে এটা বলেছিলাম যে একটা আইন আসলে কীভাবে প্রযুক্ত হয়, সেটি নির্ভর করে ওই সরকারের চিন্তা কী।
তিনি বলেন, এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ (পৃষ্ঠপোষকতা) করবে না। হাসিনার সময়ে যেভাবে লুট হয়েছে, সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে (সমর্থনে) হয়েছে। ঠিক একইভাবে র্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকার মারাত্মক লঙ্ঘনের জন্য, সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। অন্তর্বর্তীকালীন সময়ে হয়নি, কেউ কেউ বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে, ‘মর্নিং শোজ দ্য ডে’ অর্থাৎ তিন মাসে কী হয়েছে।
উপদেষ্টা বলেন, একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে। কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব যে র্যাব অত্যন্ত সক্ষমভাবে নানা ধরনের সন্ত্রাস, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের প্রচলিত পুলিশ বাহিনী পেরে ওঠেনি।
তিনি আরও বলেন, তাদের অনেক ভালো ইকুইপমেন্টস (যন্ত্রপাতি) আছে, ভালো প্রশিক্ষণ আছে। সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামেই হোক বা ভিন্ন নামে, সেটার সুস্পষ্ট আইন থাকবে। ফলে আগের যে ঝুঁকিগুলো আছে, সেগুলো থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
১০ দিন আগে
র্যাব পরিচালনায় আসছে নতুন আইন, নাম বদলেরও ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাবকে জনবান্ধব, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে দ্রুত নতুন র্যাব আইন প্রণয়ন এবং বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়ও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তনশীল অপরাধের ধরন ও কৌশল মোকাবিলায় র্যাবকে যুগোপযোগী ও বিশ্বমানের বাহিনীতে রূপ দিতে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাহিনীটির সদস্যদের পেশাদারত্বের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। সে বিবেচনায় র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, র্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে এর সদস্যদের মানবাধিকার, ন্যূনতম বল প্রয়োগ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ লক্ষ্যে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ দিন আগে
নারায়ণগঞ্জে বাসে ‘র্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ২
ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বিআরটিসি বাসে ‘র্যাব’ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ব্যর্থ হয়েছে একটি চক্র । এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন।
শনিবার (৯ মে) রাতে নারায়ণগঞ্জের মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আক্তারুজ্জামান (৪৭) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমিরুল ইসলাম (৩০)।
যাত্রীরা জানান, মুন্সীগঞ্জের ব্যবসায়ী শেখ মাসুম প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি নারায়ণগঞ্জের মাতুয়াইল এলাকায় পৌঁছালে পথে কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বাসটির গতিরোধ করেন।
এ সময় তারা ব্যবসায়ী শেখ মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে দাবি করে তাকে বাস থেকে নামানোর চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি সন্দেহজনক মনে হলে শেখ মাসুম বাসের ভেতরেই চিৎকার করে যাত্রীদের উদ্দেশে জানান, তিনি একজন ব্যবসায়ী। তার কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভুয়া পরিচয়ে এসব ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে এসেছেন।
তার চিৎকারে বাসের অন্য যাত্রীরা সতর্ক হয়ে ওঠেন। সে সময় তারা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন। এতে ‘র্যাব’ পরিচয়দানকারী চক্রের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। একপর্যায়ে তাদের কয়েকজন দ্রুত পালিয়ে যান।
পরে যাত্রীদের সহায়তায় চক্রটির আক্তারুজ্জামান ও আমিরুল ইসলামকে আটক করা হয়। এরপর বাসের যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
২০ দিন আগে
ঈদের ছুটিতে ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে রাজধানী: র্যাব
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জনশূন্য হয়ে পড়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চব্বিশ ঘণ্টা দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, ঈদ উপলক্ষে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় যেতে পারেন। এতে রাজধানীর অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সুযোগে চুরি, ছিনতাই বা ডাকাতির মতো অপরাধ বেড়ে যেতে পারে। বিষয়টি মাথায় রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে নিরাপত্তা টহল আরও জোরদার থাকবে।
এ সমস্যা মোকাবিলায় র্যাব শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করবে, বিশেষ করে রাতে ফাঁকা বাসা এবং জনসমাগম কম এমন এলাকাগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হবে বলে জানান তিনি।
র্যাবের এই অধিনায়ক আরও জানান, যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুইটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এসব কন্ট্রোল রুমে র্যাব সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রী যাতায়াতের সময় হয়রানির শিকার হলে বা টিকিটের জন্য অতিরিক্ত ভাড়া দাবি করলে তারা সরাসরি কন্ট্রোল রুমে গিয়ে বা ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৭৩ দিন আগে
র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। শিগগিরই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা বলেন, ‘বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোশাকও বানানো হচ্ছে।’
তিনি বলেন, ‘র্যাব পুনর্গঠনে জন্য প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে সভাপতি করে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি র্যাবের নতুন নাম সুপারিশ করেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। প্রধান উপদেষ্টা সেটি অনুমোদন দিয়েছেন। এটি আজকে থেকেই কার্যকর হবে। এই বাহিনীটির কার্যক্রম নতুনভাবে শুরু হবে। এ বিষয়ে সরকারি একটা অর্ডার (আদেশ) হবে।’
নাম পরিবর্তনেসর সঙ্গে সঙ্গে র্যাবের কাজের মানে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা দেখছেন যে তাদের কাজের মানে পরিবর্তন ইতোমধ্যে চলেও এসেছে। আপনি যদি তাদের দেড় বছর আগের কাজের মান দেখেন আর এখন দেখেন, সেটার মধ্যে পরিবর্তন অনেক এসেছে।’
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেন, ‘মানুষ ওই (র্যাব) নামটাকে খারাপ মনে করত, এজন্য নাম পরিবর্তন করা হয়েছে।’
১১৬ দিন আগে
ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চরমপন্থি নেতা হানেফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়েছে ঝিনাইদহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। এ সময় মাদক ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারী গ্রেপ্তার হয়েছেন।
ঝিনাইদহ র্যাবের একটি দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ওই পৌরসভার চটকাবাড়িয়া গ্রামে হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তিনি বাড়ি না থাকলেও আটক করা হয় তার প্রথম স্ত্রী তাছলিমা আক্তারকে।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় দুই কেজি গাঁজা ও ৮টি রাম দা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে র্যাব-৬।
স্থানীয়রা জানান, হোসেন আলী চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত। সন্ত্রাসী হানেফ আলী নিহত হওয়ার পর তার বাহিনীর হাল ধরেন হোসেন আলী। তার কাছে হানেফ আলীর বেআইনি অস্ত্র ভান্ডার রক্ষিত আছে। এই অস্ত্র দিয়ে তিনি এখনও অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন।
অভিযোগ রয়েছে, হোসেন আলী ‘দেশি’ নামে ভুয়া ও জাল ব্যান্ডরোলের একটি সিগারেট হরিণাকুণ্ডু এলাকায় বিক্রি করেন। তার সঙ্গে রয়েছে দিগনগর গ্রামের জিয়া ও পিটার। অবৈধভাবে নিম্নমানের দেশি সিগারটে বিক্রি করে হোসেন আলী লাখ লাখ টাকা কামালেও হরিণাকুণ্ডুর পুলিশ ও উপজেলা প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে বলে জানান স্থানীয়রা।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোসেন আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, র্যাব-৬ এর পক্ষ থেকে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১২০ দিন আগে
চট্টগ্রামে র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের দুই দিন পর মামলা, গ্রেপ্তার তিন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুই দিন পর মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে র্যাবের এক কর্মকতা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা।
মামলায় ২৯ জনের মধ্যে জঙ্গল সলিমপুরের বাসিন্দা ইয়াসিনকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দুইজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি বলে জানান শাকিলা ইয়াসমিন সূচনা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
১২৭ দিন আগে
বনশ্রীতে শিক্ষার্থী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার
রাজধানীর বনশ্রী এলাকায় হোটেল কর্মচারীর হাতে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রবিবার (১১ জানুয়ারি) সকালে বাগেরহাটে র্যাবের এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিলন মল্লিক। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মান্দা বাসখালী এলাকার বাসিন্দা।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল আরেফিন এ তথ্য জানান।
র্যাব জানায়, বাবার হোটেলের ওই কর্মচারীর অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়া ও এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়। নিহত ফাতেমা আক্তার নিলি (১৮) দশম শ্রেণির শিক্ষার্থী।
লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল আরেফিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন অর্থাৎ ১০ জানুয়ারি দুপুর ১টা ৩৬ মিনিটে মিলন ভুক্তভোগীর বাসায় প্রবেশ করেন এবং ১টা ৪১ মিনিটে তার বড় বোন শোভা আক্তারের সঙ্গে বের হন। পরে বড় বোন জিমে গেলে দুপুর ২টা ২৫ মিনিটে মিলন একা আবার বাসায় প্রবেশ করেন এবং প্রায় ২০ মিনিট অবস্থান শেষে ২টা ৪৫ মিনিটের দিকে বের হয়ে যান।
প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, ঘটনার পর মিলন বাগেরহাটে পালিয়ে যান। পরে র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ দল বাগেরহাট সদর থানার সিংগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ভুক্তভোগীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার আগের রাতে খাবার পরিবেশনের সময় আবারও এমন প্রস্তাব দিলে ভুক্তভোগী তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পরদিন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী মিলন একটি নাইলনের রশি নিয়ে ভুক্তভোগীর বাসায় যান। ভুক্তভোগী পুনরায় অনৈতিক প্রস্তাবে রাজি না হলে তিনি রশি দিয়ে গলায় পেঁচিয়ে ধরেন। চিৎকার শুরু করলে লোকজন জড়ো হওয়ার আশঙ্কায় তিনি রান্নাঘরের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন তাকে। এরপর বাসা তল্লাশি করে কিছু টাকা নিয়ে পালিয়ে যান।
গ্রেপ্তারের সময় মিলনের পরণে থাকা কালো প্যান্ট ও নীল গেঞ্জি উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও নাইলনের রশি উদ্ধার করে করে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব-৩-এর অধিনায়ক জানান, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সহযোগী রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।
১৩৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় এলাকায় একটি আম বাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
আজ (সোমবার) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেলার জিলানী মোড় এলাকায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে থাকা ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। এছাড়া অপর একটি পলিথিন ব্যাগে থাকা ককটেল তৈরির সরঞ্জাম—কাঁচের গুড়া, ভাঙ্গা ব্লেড, লোহার তারকাঁটা, লাল রংয়ের ৩টি স্কচটেপ ও ৩টি জর্দার কৌটা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
উদ্ধারকৃত গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৫২ দিন আগে