ফেরদৌসী আহমেদ মিষ্টি
শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য হওয়া একটি সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে সোমবার (১২ অক্টোবর) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এরপর ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। আইন অনুযায়ী, শূন্য হওয়া এ আসনে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে।
এ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত একজনই প্রার্থী থাকেন, ফলে ভোটগ্রহণের প্রয়োজন হয় না।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে মিষ্টির বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।
১০ দিন আগে
সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফেরদৌসী আহমেদ আমার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগের সঙ্গে সঙ্গে তার আসনটি শূন্য হয়ে গেছে।
আজ থেকেই পদত্যাগ কার্যকর হয়েছে জানিয়ে তিনি বলেন, পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে এবং নির্বাচন কমিশনকে জানানো হবে।
স্পিকার বলেন, সংসদের বিধি অনুযায়ী, পদত্যাগপত্র জমা দেওয়ার সময় কোনো কারণ উল্লেখ করার নিয়ম নেই।
দুপুর দেড়টার দিকে ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কয়েক মিনিট সেখানে থাকার পর বেরিয়ে আসেন।
স্পিকারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্পিকার আমাকে ডেকেছিলেন, আমি তার সঙ্গে দেখা করেছি।
তবে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ফেরদৌসী আহমেদ।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন।
ঢাকার মিরপুরে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ২৪ সেপ্টেম্বরের হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় মিষ্টির সম্পৃক্ততার অভিযোগের মধ্যে এ ঘটনা ঘটল।
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুর হয়। এতে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মিষ্টি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন রয়েছে। সংবিধান অনুযায়ী, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যের সংখ্যার অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত আসন বণ্টন করা হয়।
বর্তমান সংসদে বিএনপি থেকে সংরক্ষিত আসনে মোট ৩৬ জন নারী নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াত থেকে ৯ জন, জাতীয় নাগরিক পার্টি থেকে দুজন এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা থেকে একজন করে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন। বাকি একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের গেজেট ৩০ এপ্রিল প্রকাশিত হয় এবং তারা ৩ মে শপথ নেন। সেই হিসাবে শপথ নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই সংসদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি।
২১ দিন আগে
সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই দিন মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিতর্ক ও অভিযোগ রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতায় জড়িত থাকা, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে বিভিন্ন সময় তার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
২১ দিন আগে