ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য হওয়া একটি সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে সোমবার (১২ অক্টোবর) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এরপর ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। আইন অনুযায়ী, শূন্য হওয়া এ আসনে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে।
এ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত একজনই প্রার্থী থাকেন, ফলে ভোটগ্রহণের প্রয়োজন হয় না।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে মিষ্টির বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।