চট্টগ্রাম
কুমিল্লায় উচ্ছেদ অভিযান, কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাঙ্গরা থানা বাজার এলাকার রাজাবাড়ী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।
এ সময় গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট দখলমুক্ত করা হয়।
সাকিব হাসান খান জানান, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শিশু মিয়ার ছেলে তাজুল ইসলাম, নূরুল ইসলাম আবন এবং ওসমান মিয়ার ছেলে আবুল বাশারসহ ৭টি পরিবার অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘ দিন ধরে সরকারি ভূমি দখল করে রেখেছিল।
এ বিষয়ে ওই গ্রামের নূরুল হক ভূঁইয়ার ছেলে ইয়ার হোসেন এবং আবদুল হক দারোগার ছেলে শাহাদাৎ হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আনেন।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কয়েক দফায় সরেজমিনে পরিদর্শন করে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দেওয়া হয়, যার ভিত্তিতে জেলা প্রশাসন উচ্ছেদের নির্দেশ দেয়।
উদ্ধার করা জমির বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মো. শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ এবং বাঙ্গরা বাজার থানা পুলিশের সদস্য ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৪৭ দিন আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের প্রবাসী যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মো. বাবলু ভূঁইয়া (২১) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বাবলু সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব লোদের গাঁওয়ের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে নিহতের সহকর্মী ও পাশের বাড়ির মিন্টু হাজীর ছেলে আব্দুর রহমান হৃদয় দুর্ঘটনাটির সম্পর্কে তার পরিবারকে জানান।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারের স্বচ্ছলতা ও নিজের ভাগ্যোন্নয়নের স্বপ্ন নিয়ে ২০২৪ সালে বাবলু সৌদি আরবের রিয়াদ নগরীতে যান। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেন।
তারা জানান, গত মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ দিয়ে মোটরসাইকেলে চড়ে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে গ্রাহক বাবলুকে ফোন দিয়েও সাড়া না পেয়ে কোম্পানির কাছে অভিযোগ করেন।
কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর মরদেহ শনাক্ত করেন।
বাবলুর সহকর্মী ও বন্ধুরা তার পরিবারে এ খবর জানালে তার পরিবারে চলতে থাকে শোকের মাতম।
১৪৭ দিন আগে
খালেদা জিয়া চলে গেলেন, রয়ে গেল তার রোপিত নিমগাছটি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর ইহলোকে নেই। আজ বুধবার বিকালে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে তিনি না থাকলেও তার রোপণ করা নিমগাছটি স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে ফেনীর ফুলগাজীর পৈত্রিক বাড়ির দরজায়।
২০০৮ সালে খালেদা জিয়া তার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরের মজুমদার বাড়িতে এলে বাড়ির দরজার সামনে দক্ষিণ শ্রীপুর দিঘির পাড়ে নিজ হাতে একটি নিমগাছ রোপণ করেন। পরিচর্যায় গাছটি বড় হলে গোড়া পাকা করে খালেদা জিয়ার নামটি খোদাই করে লিখে দেওয়া হয়। সেই গাছটি এখন কেবলই স্মৃতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকাহত ফেনীবাসী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনেককে হাউমাউ করে কাঁদতে দেখা যায়। খালেদা জিয়ার পৈত্রিক ভিটায়ও চলছে শোকের মাতম। এ সময় সবাই খালেদা জিয়ার হাতে লাগানো নিমগাছটির সঙ্গে ছবি তোলেন। তারা মনে করেন, খালেদা জিয়া না থাকলেও তার হাতে লাগানো নিমগাছটি স্মৃতিচিহ্ন হয়ে থাকবে মজুমদার বাড়িতে।
এই বাড়িতে খালেদা জিয়ার অসংখ্য স্মৃতিচিহ্ন রয়েছে। ঘরের ভেতরে বসার চেয়ার, বিশ্রাম নেওয়ার ছোট্ট খাট, খাবারের টেবিল—সবকিছুতেই লেগে আছে তিনবারের প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ২০০৮ সালেও ফেনীর ফুলগাজীতে বাবার বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেন খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে আজ সেই বাড়িতেই নেমে এসেছে রাজ্যের নীরবতা। শোকে মুহ্যমান বেগম জিয়ার পরিবারের সদস্যরা।
বেগম জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, ‘বাড়িতে এলে তিনি বড়দের যেমন শ্রদ্ধা করতেন, তেমনি ছোটদের অনেক আদর করতেন। তাকে হারিয়ে দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। সে ক্ষতি কখনো পোষাবে না।’
১৫৫ দিন আগে
চাঁদপুরে লঞ্চ সংঘর্ষের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরে হাইমচরের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কর্মচারী মিন্টু, সোহেল, মহিন হাওলাদার ও মনিরুজ্জামানকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এরপর আদালত তাদের জেলা কারাগারে পাঠিয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামের দুই লঞ্চের সংঘর্ষে এক নারীসহ ৪ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অনেকে।
এরপর গতকাল (শনিবার) রাত ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক (ট্রাফিক) বাবুলাল বৈদ্য বাদী হয়ে হাইমচর থানায় মামলা করেন।
মামলায় নামীয় ৮ আসামি হলেন: মো. ফিরোজ খান (৫৩), মো. কামাল হোসেন (৫৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. সুলতান খান (৪৫), মো. মিন্টু (২৮), মো. সোহেল (৪০), মহিন হাওলাদার (২৫) ও মো. মনিরুজ্জামান (৪০)। এই আটজন এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কর্মচারী।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিআইডব্লিউটিএ চাঁদপুর নদীবন্দরের পক্ষে করা মামলাটি তদন্ত ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে নৌ-পুলিশ।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমতিয়াজ আহমেদ বলেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের গ্রেপ্তার ৪ আসামিকে ঝালকাঠি থেকে গতকাল (শনিবার) চাঁদপুর নৌ থানায় আনা হয়। আজ তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
১৫৮ দিন আগে
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।
জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় কার্গো ট্রাকের চালক ও সহকারী মারা যান। নিহতদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও চর জব্বারে।
চৌদ্দগ্রাম হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক মোহাম্মদ আজিজ (৩১) ও সহকারী শামীম (২৯) গুরুতর আহত হন। তাদের চৌদ্দগ্রাম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দুর্ঘটনায়, জেলার বুড়িচং উপজেলায় আক্তার হোসেন নামে একজন নিহত হন। উপজেলার পাচোরা সিন্দুরিয়া এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি দুর্ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনা দুটির ব্যাপারে চৌদ্দগ্রাম ও ময়নামতি হাইওয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
১৫৮ দিন আগে
রাঙ্গামাটিতে নারীদের আয় বাড়ছে, স্বাবলম্বী হওয়ার পথে পাহাড়ি সমাজ
রাঙ্গামাটিতে পার্বত্য নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ৯ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা–২০২৫। এই আয়োজনের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের বহু নারী নিয়মিত আয়ের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় রাঙ্গামাটি চেম্বার ভবনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সফল সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আলী বাবর ও বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা মেলার আহ্বায়ক ও চেম্বারের সহ-সভাপতি নেছার আহমেদ।
১৫৯ দিন আগে
কক্সবাজারে নোঙর করা সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১
কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী একটি জাহাজে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।
যাত্রী তোলার জন্য কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা দ্য আটলান্টিক ক্রজ নামের জাহাজে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে।
নিহত নূর কামাল (২৫) টেকনাফের বাসিন্দা ও জাহাজটির স্টাফ ছিলেন। তিনি জাহাজে ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।
বাঁকখালী নদীতে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ বলেন, ‘সকাল ৭টার দিকে আমরা খবর পেয়ে এখানে আসি। তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। সেটি তখন সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে জাহাজে কোনো পর্যটক ছিল না।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ওই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা থাকা ছিল প্রায় ১৮০ জন যাত্রীর। তারা বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে। এ ঘটনায় তদন্ত দল গঠন করা হয়েছে।
১৫৯ দিন আগে
চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন
চাঁদপুরের হরিণা এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে চার যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ বের করা এবং দায়ীদের শনাক্ত করতে এ কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে।
কমিটির সদস্যরা হলেন— নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন, নৌপরিবহন অধিদপ্তরের একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি, বাংলাদেশ কোস্টগার্ডের একজন প্রতিনিধি ও নৌপুলিশের একজন প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম মোর্শেদ।
তদন্ত কমিটিকে মেঘনা নদীতে সংঘটিত এমভি জাকির সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় দায়ী ব্যক্তি বা পক্ষগুলো চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুর জেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও এডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় লঞ্চটির চারজন যাত্রী নিহত এবং পাঁচজন যাত্রী আহত হন।
১৬০ দিন আগে
চট্টগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে শতাধিক লোক এ হামলা-ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।
তবে ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়িতে দুজন গৃহপরিচারিকা ছিলেন।
আগুনে বাড়ির গ্যারেজে রক্ষিত ব্যারিস্টার আনিসুলের চাচা আকবর হায়দার চৌধুরীর ব্যাক্তিগত গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক লোক পৌনে ১২টার দিকে এসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ মিনিটের মতো তারা তাণ্ডব চালায়। তবে হামলাকারীরা জিনিসপত্র লুট করেনি বলে জানিয়েছেন গৃহপরিচারিকারা।
বাড়ির গৃহপরিচারিকা রোকেয়া বেগম বলেন, শতাধিক লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার ব্যাক্তিগত প্রাইভেট কারটি পুড়ে গেছে। আগুনে ব্যারিস্টার আনিসের বাড়িঘর জিনিসপত্র পুড়ে যাওয়া পর পুলিশ ও ফায়ার সার্ভিস এসেছে বলে উল্লেখ করে চাচা আকবর হায়দার চৌধুরী বলেন, তারা যখন এসেছে, ততক্ষণে সবকিছু পুড়ে গেছে।
১৬৬ দিন আগে
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগ, শিশুকন্যা নিহত, দ্বগ্ধ আরও ৩
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলালের ঘরে বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার ৭ বছর বয়সী মেয়ে নিহত হয়। একই সঙ্গে বেলালসহ আহত হন তার আরও ২ মেয়ে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল একই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
আগুনে পুড়ে নিহত হওয়া শিশুটির নাম আয়েশা আক্তার। আর দগ্ধরা হলেন— বেলাল হোসেন (৫০) ও তার দুই মেয়ে বীথি আক্তার (১৩) ও স্মৃতি আক্তার (১৮)।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে নিজের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে তার ঘরের দরজায় অজ্ঞাত কেউ তালা মেরে চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তার ৩ মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা নিহত হয়।
স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাকি ২ মেয়েকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বড় মেয়ে স্মৃতির অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা বলেন, গভীর রাতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১ শিশু নিহত হয়েছে এবং আরও ৩ জন দগ্ধ হয়েছেন। পরিকল্পিতভাবে ওই ঘরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
১৬৬ দিন আগে