জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা জোগান দেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত ও একটির মেয়াদ বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর একটি হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের দ্বিতীয় সংশোধিত প্রকল্প।
অন্যটি হলো যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের দ্বিতীয় সংশোধিত প্রকল্প।
চরফ্যাশন উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থ দফায় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবিত দ্বিতীয় সংশোধনী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করার দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের প্রস্তাবিত চতুর্থ সংশোধনীও অনুমোদন পেয়েছে।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে—বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর প্রকল্প এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর প্রকল্প।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় ৬৪/২এ ও ৬৪/২বি নম্বর পোল্ডার পুনর্বাসন প্রকল্পের অনুমোদন পেয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী; বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প (এফআরইএপি); কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানের পরীক্ষাগারে রূপান্তর; ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ; বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন; ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর অংশ নেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।