জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১ ও ১২ নভেম্বর দেশটির আনতালিয়া শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে তার কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথাও রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয়) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুরস্কের প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ।
এ সফরে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও অন্য কর্মকর্তারা সফরসঙ্গী হবেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোর আয়োজন চূড়ান্ত করার প্রক্রিয়া এখনও চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।
জাপানি কনসোর্টিয়ামের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অংশীদার হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার বিষয়ে তুরস্কের কোম্পানি চেলেবির আগ্রহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বৈঠকে নির্দিষ্ট কোনো প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা কম।
জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে সচিব বলেন, আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি ও সহযোগিতা আদায়ের চেষ্টা করে বাংলাদেশ।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি নিয়ে বাংলাদেশের বিভিন্ন হিসাব রয়েছে, যা দেশটি বৈশ্বিক আলোচনায় তুলে ধরে।
আন্তর্জাতিক পর্যায়ে এসব উদ্বেগ তুলে ধরলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরি হয় এবং তা দেশের স্বার্থে কাজ করে বলেও জানান সালাহউদ্দিন নোমান।
কপ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কতটা ক্ষতিপূরণ পেয়েছে, জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিতে পারবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।
অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
সম্মেলনে বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও তুলে ধরবে এবং দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবে।
এছাড়া সম্মেলনের গ্রিন জোনে একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।
সম্মেলনের ফাঁকে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসার নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এসব আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি ও কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের সুযোগের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এ বছর সম্মেলনে সভাপতিত্ব করছে তুরস্ক। আর আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা প্রক্রিয়ার সহ-সভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া।
তিনি বলেন, কপ-৩১-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি নিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করেছে।
আন্তঃমন্ত্রণালয় আলোচনা ও অংশীজনদের সঙ্গে পরামর্শের মাধ্যমে দেশের অবস্থান ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ ও সাফল্য তুলে ধরার সুযোগ তৈরি হবে।
সম্মেলনে ভবিষ্যতের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কী ধরনের সহায়তা প্রয়োজন, সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা হবে, বিশেষ করে জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছিলেন, আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে জলবায়ু অর্থায়ন দেওয়ার আহ্বান জানাবে। একই সঙ্গে বৈশ্বিক কার্বন নিঃসরণে তাদের অবদানের দায়ও নিতে বলবে।
এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ উন্নয়নে গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলোও তুলে ধরবে সরকার, যার মধ্যে রয়েছে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তন প্রশমন ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে।