আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাব, ইনশাআল্লাহ। আমাদের নিজেদের বিজ্ঞানীরাই এ নিয়ে কাজ করছেন। এখানে একজনও বিদেশি নেই। তারা সবাই বাংলাদেশি বিজ্ঞানী।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল অ্যারো-জিনিয়াস কম্পিটিশন-২০২৬ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, তরুণ গবেষক ও উদ্ভাবকদের সহায়তায় সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
সম্ভাবনাময় উদ্ভাবন যেন অর্থের অভাবে ব্যর্থ না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।
তরুণ প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, এ প্রতিযোগিতা দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস ও উদ্ভাবনের অন্যান্য ক্ষেত্রে অগ্রগতির সক্ষমতা নিয়ে তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা দেওয়া হলে দেশের তরুণ প্রজন্ম বৈশ্বিক উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য বিপ্লব ঘটাতে পারবে।
তিনি আরও বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি আগামী বিশ্ব শাসন করবে। সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে পিছিয়ে রাখা। দেশকে পিছিয়ে রাখা।’