দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করার দাবিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সুরক্ষায় একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, উনি (প্রধানমন্ত্রী) আমাদের সকল সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন।
সন্তোষ শর্মা জানান, বৈঠকে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— অর্পিত সম্পত্তি আইন কার্যকর বাস্তবায়ন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে ফাউন্ডেশন গঠন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু কমিশন গঠন।
এছাড়া দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করার দাবি জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সন্তোষ শর্মা বলেন, ৫ আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছি। আমাদের লোকজনের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার বিচার দাবি করে তিনি আরও বলেন, ফেসবুকে নানারকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সমস্ত হত্যাকাণ্ড, লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলোর বিচার চেয়েছি আমরা। উনিও বলেছেন এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে।