নতুন এসএমই নীতিমালার মাধ্যমে বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে এবং ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় এসএমই উদ্যোক্তাদের নতুন নতুন পণ্য নিয়ে বিশ্ববাজারের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৈরি পোশাক খাতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে এগিয়ে যেতে হবে।
জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া শিগগিরই অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান তারেক রহমান।
তিনি বলেন, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) যাতে উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে তোলা এবং দেশের রপ্তানি বাজার সম্প্রসারণে আরও বড় ভূমিকা রাখতে পারে, সে পরিবেশ তৈরি করাই এ নীতিমালার লক্ষ্য।