প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন তিনি। এছাড়া, ত্রিশালে একটি খালের পুনর্খনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মধ্যে নজরুল বইমেলা এবং গ্রামীণ মেলা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আগামীকাল (শনিবার) প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যসূচি অনুযায়ী, তিনি শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ত্রিশাল রওনা হবেন।
দুপুর ১২টার দিকে তিনি বালর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন।
ত্রিশাল ডাকবাংলোতে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর প্রধানমন্ত্রী দুপুর ৩টায় ত্রিশালের নজরুল মঞ্চে কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পরবর্তীতে বিকেল ৫টায় তিনি ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি শাখার এক সাংগঠনিক সভায় যোগ দেবেন।
তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে ত্রিশাল ত্যাগ করার কথা রয়েছে।