রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।
ঢাকায় চিকিৎসা নিতে আসা ওই শিক্ষিকার হাতব্যাগ টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চোখের চিকিৎসকের পরামর্শ নিতে রনজিনা পারভীন বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। তিনি ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে তিনি সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল আসে। মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তার ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি রিকশা থেকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
তিনি বলেন, কাউন্টার টেররিজম, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য সংস্থাও বিষয়টি নিয়ে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।