মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ দেখা গেছে।
তবে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশির ভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং চালু থাকা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলেছে।
ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে বেশির ভাগ পোশাকশ্রমিক কারখানায় কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় কাজ বন্ধ বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে কয়েকটি কারখানার কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। বন্ধের নোটিশ দেখে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত সাভার থানায় ৭২ জন ও আশুলিয়া থানায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক শ্রমিক আগের মাসের বকেয়া বেতন দাবি করেছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে কারখানার মালিকরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ থাকা সত্ত্বেও চলমান শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন চালু রাখা এবং ক্রেতাদের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে তারা বিপাকে পড়ছেন।