চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি দল ওই আমবাগানে অভিযান চালায়। এ সময় একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে সে সময় আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।
এসআরবির ধারণা, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই স্থানে আগ্নেয়াস্ত্রগুলো সংরক্ষণ করা হয়েছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগাজিনগুলোকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।