ঝিনাইদহের শৈলকুপায় সকালে হাঁটতে বের হয়ে ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকায় হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিফ উদ্দীন শৈলকুপা উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ আদায় শেষে মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে বের হয়েছিলেন তারিফ উদ্দীন। এ সময় হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি এখনো জব্দ করা সম্ভব হয়নি, তবে সেটি শনাক্তে কাজ চলছে।