দুর্বৃত্তের হামলায় পিরোজপুর-১ আসনর ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের দুই সমর্থককের ওপর হামলা হয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। ওই নেতার পক্ষ থেকেও কারও ওপর বা কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে এবং নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।
নিপু জানান, গতকাল (রবিবার) রাত ১১টার দিকে তারা দুজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি পাড়েরহাট বাসস্ট্যান্ডে তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর এলাকায় উত্তজেনা বিরাজ করছে।