নারায়ণগঞ্জের বন্দর থানায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তালিকাভুক্ত মাদক কারবারি। এ সময় পুলিশ তার হাত থেকে দিয়াশলাই কেড়ে নিয়ে আত্মহত্যার চেষ্টা নস্যাৎ করে এবং তাকে গ্রেপ্তার করে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে বন্দর থানা চত্বরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রমজান (৩৫)। তিনি বন্দরের একরামপুর ইস্পাহানী বাজার এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
স্থানীয়দের দাবি, গত সপ্তাহে এলাকাবাসী তার মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয় এবং তাকে এলাকা থেকে বের করে দেয়। তিন দিন আগে তিনি এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে মাদক বিক্রি না করার জন্য সতর্ক করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে রমজান পাঁচ লিটারের একটি বোতলে কেরোসিন নিয়ে থানায় এসে নিজের শরীরে ঢেলে ‘ওসি, ওসি’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় তিনি বলেন, ‘আমি মাদক ব্যবসায়ী। আমি মাদক ব্যবসা ছেড়ে দিতে চাই। তবু এলাকায় আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আমি নিজ শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করব।’
পরে পুলিশ তাকে নিবৃত্ত করে থানায় নিয়ে গোসল করায় এবং হাজতে রাখে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আকস্মিকভাবে মাদক ব্যবসায়ী রমজান থানা চত্বরে এসে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা তাকে নিরস্ত্র করে আত্মহত্যার হাত থেকে রক্ষা করি। তবে তার বিরুদ্ধে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। এ ঘটনাতেও মামলা হবে।