বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাসে ভুট্টাবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত স্বজনকে নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন সাতজন।
ভোর ৪টার দিকে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম দুর্ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।