ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ছত্রিশ বাড়ী কলোনি এলাকায় রুবেল (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রামকৃষ্ণ মিশন রোডের ছত্রিশ বাড়ী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত যুবকের নাম মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল। তিনি ওই এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে রুবেল নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ছত্রিশ বাড়ী কলোনির একটি ভাড়া বাসায় তার নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তারা তাকে জবাই করে ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যান।
পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে।