রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান (২৭) পটুয়াখালীর বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।
নিহতের স্বজন সোহাগ মিয়া জানান, আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। আজ (শুক্রবার) ভোর সাড়ে ৩টার দিকে ব্যবসার কাজ শেষ করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।
পরে স্থানীয় পথচারীরা আরিয়ানের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে সোহাগকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আরিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোর পৌনে ৬টার মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এক বছর আগে মিমের সঙ্গে আরিয়ানের বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।