রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় মো. নুর আলম (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, নুর আলম মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।