সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় অভিযান চালিয়ে এক জামায়াত নেতার অনুমোদনহীন কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) বিকেলে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, ওই কারখানায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ উৎপাদনের কথা বলে সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হতো। এছাড়া সেখানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হতো। তাদের তৈরি নিমের মাজনে কোনো নিমের উপাদান পাওয়া যায়নি। পণ্যগুলোতে মেয়াদোত্তীর্ণের তারিখও লেখা ছিল না।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয়। সে সময় কারখানা মালিক নজরুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।