সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
শনিবার (২৩ মে) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৪ শিশুর মধ্যে একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে (১০ মাস), একজনের বাড়ি সিলেটের শাহপরাণ এলাকায় (১৫ মাস), একজনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল (৫ মাস) ও অপরজনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায় (৬ মাস)।
মৃত চার শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুজন শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৯৫ রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৪৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে আজ (শনিবার) পর্যন্ত বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। বিভাগে এ পর্যন্ত নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিরা হামের উপসর্গে।