রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন সোনালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মতিঝিলের গোপীবাগ এলাকায় থাকতেন। আহত সুমন মিয়া গাইবান্ধার সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
নিহত কবির হোসেনের রুমমেট পবন চন্দ্র দাস জানান, রাতে হানিফ ফ্লাইওভারে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে আবার তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কবির হোসেন মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।