সারাদেশ
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১৫
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের একজন হলেন নৌবাহিনীর মার্চেন্ট সদস্য নাফিজ আহমেদ অয়ন। তিনি মীরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের বাসিন্দা। নিহত বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আহত যাত্রীরা জানান, কাঠবোঝাই একটি ট্রাক ধুমঘাট ফরেস্ট অফিস এলাকার উত্তর চেকপোস্টে পার্ক করা ছিল। ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল-ডেকার বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ফলে দুর্ঘটনাটি ঘটে।
মীরসরাই জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহন রাস্তা থেকে সরানো হয়েছে।
জাকারিয়া জানান, দুর্ঘটনাটি ঘন কুয়াশার কারণে ঘটতে পারে।
৫৬ দিন আগে
জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, ছোট ভাই আহত
জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে ইয়ানুল হোসেন (৩১) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজার- ঢাকারপাড়া সড়ক মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল মোমিন (২২) আহত হয়েছেন।
ইয়ানুল ও মোমিন পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের আলম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজার-ঢাকার পাড়া সড়ক মোড়ে যুবদল কর্মী ইয়ানুল ও তার ভাই মোমিনের ওপর প্রতিপক্ষরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ইয়ানুলকে উদ্ধার করে পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মোমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা।
জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী রাব্বি জানান, জেলায় বর্তমানে যুবদলের কোনো কমিটি নেই। তবে ইয়ানুল যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে ছিলেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। এ ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ জয়পুরহাট জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
৫৬ দিন আগে
যশোরে কনকনে শীতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
যশোরে শীতের প্রকোপ দিন দিন তীব্র আকার ধারণ করছে। গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে জেলাজুড়ে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। এতে চাপ বাড়ছে চিকিৎসাসেবায়।
চিকিৎসকদের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের শয্যা ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯০ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে শতাধিক রোগী ঠান্ডাজনিত সমস্যা নিয়ে এসেছেন। এর মধ্যে ৫৪ জনই শিশু।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই যশোরের তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। সেইসঙ্গে যুক্ত হওয়া উত্তরের ঠান্ডা বাতাস শীতের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় জেলাজুড়ে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন। ফলে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর মা মিতা বেগম বলেন, আমার ছেলের বয়স ৫ মাস। গত কয়েকদিনের তীব্র শীতের কারণে ছেলের সর্দি ও জ্বর হয়েছে। চারদিন ধরে হাসপাতালে ভর্তি সে। ছেলেটা এখন কিছুটা সুস্থ।
আসমা নামে অপর এক শিশুর মা বলেন, শীতের কারণে ঠান্ডা লেগে আমার ছেলের নিউমোনিয়া হয়েছে। তিনদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১০ জনের মৃত্য হয়েছে। এদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।
মৃত মুন্সি মহিউদ্দিনের ছেলে শামছুজ্জামান বলেন, ঠান্ডার কারণে আমার বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ভোর ৬টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান বলে জানিয়েছেন চিকিৎসক।
মৃত শেখ সদরুল আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, আমার বাবার হার্টের সমস্যা ছিল। তবে গত কয়েকদিনের তীব্র শীতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাতে তাকে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। তীব্র শীতের কারণেই তার বাবা মারা গেছেন বলে জানান তিনি।
মৃত মনিরা খাতুনের ছেলে শেখ মামুন বলেন, আমার মায়ের বয়স ৬৪ বছর। প্রচণ্ড ঠান্ডার কারণে তিনি গত ১০ দিন অসুস্থ ছিলেন। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় গুরুতর অবস্থায় গতকাল রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেখ মামুনের বাড়ির অদূরে উম্মে হানি নামে ৬৫ বছর বয়সী একজন সাবেক শিক্ষিকা মারা গেছেন। তার ছেলে বনি জানান, তার মা এক সপ্তাহ ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন তার ফুসফুস সংক্রমিত হওয়ায় মস্তিষ্কে অক্সিজেন পৌঁচ্ছাছিল না।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ বলেন, আমরা ইদানীং মৃত্যুর হার বেশি দেখছি। এক্ষেত্রে ঠান্ডার প্রকোপ বেশি থাকার কারণে মৃত্যুর সংখ্যাটা আরও ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। বয়স্কদের মধ্যে মৃত্যুর প্রবণতা বেশি। ফুসফুস সংক্রমণ ও বিভিন্ন জটিলতার কারণে বয়স্কদের মধ্যেই মৃত্যুর প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে ঠান্ডার ক্ষেত্রে যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করা—সেটা ঘরে হোক বা বাইরে। বাইরে চলাফেরার ক্ষেত্রে যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করা এবং ফুসফুস সংক্রমণজনিত কারণগুলো রোধ করার জন্য নিজেকে সতর্ক রাখা উচিত বলে পরামর্শ দেন এ চিকিৎসক।
৫৬ দিন আগে
কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থল থেকে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন লেগে যায়।
৫৬ দিন আগে
বোনের সঙ্গে প্রেমের চেষ্টা করায় বন্ধুকে খুন করল কিশোর
নেত্রকোণার মদন উপজেলায় বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করায় ক্ষিপ্ত হয়ে সাইফুল ইসলাম শাওন (১৫) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে তার বন্ধু ও মেয়েটির ভাই। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আবুল কায়েস (১৪) এবং জাহাঙ্গীরপুর এলাকার মো. মাহফুজ রহমান ইমরান (১৬)।
নিহত শাওন কদমশ্রী ভূঁইয়াহাটি গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে এবং জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শাওন ও মাহফুজ সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। মাহফুজের ছোট বোন একই বিদ্যালয়ে পড়ত। শাওন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে মাহফুজ ক্ষেপে যায়। এরপর গত ২৮ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শাওন। পরদিন সকালে কদমশ্রী হাওরের একটি কৃষিজমি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে পুলিশ তদন্তে নেমে মাহফুজকে আটক করে। জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শাওনকে হত্যা করেছে।
মাহফুজের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে সহযোগী কায়েসকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গামছা ও গ্লাভস উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
৫৭ দিন আগে
গাজীপুরে এনসিপিকর্মীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
গাজীপুরে এনসিপির কর্মী হাবিব চৌধুরীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর এনসিপি নেতা ইব্রাহিম মুসা জানান, মোটরসাইকেল কেনার বাহানা ধরে হাবিবকে হত্যার উদ্দেশ্যে নগরের মোগর খাল এলাকায় এসে দুই যুবক কথা বলতে থাকেন তার সঙ্গে। একপর্যায়ে তাদের একজন মোটরসাইকেলে চড়ে বসেন এবং অপরজন মোটরসাইকেলের কাগজপত্র দেখার ভান ধরে হাবিবকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন।
তিনি আরও জানান, হাবিবের কানের কাছ দিয়ে গুলি চলে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আত্মরক্ষার্থে কিছুটা দূরে সরে গেলে আরও এক রাউন্ড গুলি করা হয় তাকে।
ইব্রাহিম মুসা জানান, হাবিব কয়েকদিন আগে আওয়ামী লীগবিরোধী মিছিল করায় তিনি নানা ধরনের হুমকির মুখে ছিলেন। তারই ধারাবাহিকতায় গুলি ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণার কথা জানান তিনি।
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মোটরসাইকেলটি বিক্রি করার জন্য বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়েছিলেন হাবিব। সেটি কেনার জন্য এসে দুই যুবক যখন মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছিল, তখন হাবিব চৌধুরী বাধা দিলে তার দিকে গুলি ছোড়েন তারা। ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।
৫৭ দিন আগে
যশোরে ঘুষগ্রহণ মামলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম এম মোর্শেদ এ আদেশ দেন। একইসঙ্গে উদ্ধারকৃত ১ লাখ ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম।
গতকাল (বুধবার) বিকেলে অভিযান চালিয়ে নিজ কার্যালয় থেকে ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করে দুদক।
যশোর জেলা দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে প্রথমে ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে তিনি পা দেন বলে জানায় দুদক।
দুদক জানায়, বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন-সংক্রান্ত ফাইল ছাড় করানোর নামে আশরাফুল আলম ৩ মাস ধরে তাকে নানা অজুহাতে ঘোরাতে থাকেন। একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। প্রথমে শিরিনার কাছ থেকে ৮০ হাজার টাকা গ্রহণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা। পরে বাকি এক লাখ ২০ হাজার টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন দুদকের কর্মকর্তারা।
এদিকে, তার আটকের খবরে গতকাল সন্ধ্যার পর দুদক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তারা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে যায়। পরবর্তীতে হাতেনাতে আটক দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তারা। পরে দুদকের কর্মকর্তারা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
এদিকে, আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার পর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও প্রাথমিক শিক্ষকেরা বিক্ষোভ করেন।
৫৭ দিন আগে
দিপু হত্যা মামলা: মরদেহে অগ্নিসংযোগে নেতৃত্ব দেওয়া সেই ইয়াছিন গ্রেপ্তার
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়াছিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরির ফটকে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াছিনের। দিপুকে হত্যার পর তার নিথর দেহ রশি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে মরদেহ পোড়ানোর ঘটনায় তিনি সরাসরি নেতৃত্ব দেন।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
৫৭ দিন আগে
লালমনিরহাটে ইউপি সদস্যসহ আ.লীগের ৬১ জনের বিএনপিতে যোগদান
লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৬১ জন বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী–কালিগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালিগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছি।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
৫৭ দিন আগে
কুমিল্লায় উচ্ছেদ অভিযান, কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাঙ্গরা থানা বাজার এলাকার রাজাবাড়ী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।
এ সময় গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট দখলমুক্ত করা হয়।
সাকিব হাসান খান জানান, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শিশু মিয়ার ছেলে তাজুল ইসলাম, নূরুল ইসলাম আবন এবং ওসমান মিয়ার ছেলে আবুল বাশারসহ ৭টি পরিবার অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘ দিন ধরে সরকারি ভূমি দখল করে রেখেছিল।
এ বিষয়ে ওই গ্রামের নূরুল হক ভূঁইয়ার ছেলে ইয়ার হোসেন এবং আবদুল হক দারোগার ছেলে শাহাদাৎ হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আনেন।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কয়েক দফায় সরেজমিনে পরিদর্শন করে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দেওয়া হয়, যার ভিত্তিতে জেলা প্রশাসন উচ্ছেদের নির্দেশ দেয়।
উদ্ধার করা জমির বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মো. শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ এবং বাঙ্গরা বাজার থানা পুলিশের সদস্য ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৫৭ দিন আগে