খেলাধুলা
‘ধর্ষণ অভিযোগের’ তদন্তের মধ্যে এমবাপেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
বিপদ যেন পিছু ছাড়ছে না কিলিয়ান এমবাপের। আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একের পর এক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে চলেছেন এই ফরাসি তারকা।
লা লিগার চলতি মৌসুমের শুরুতে পেনাল্টি ছাড়া ওপেন প্লে থেকে গোল পেতে একরকম ব্যর্থ হওয়ায় সমালোচক ও প্রতিপক্ষ দলগুলোর সমর্থকদের সমালোচনার মুখে পড়েন ২৫ বছর বয়সী এই ফরাসি তারকা। এরপর চোটের ‘অজুহাত’ দেখিয়ে নেশন্স লিগে ফ্রান্সের হয়ে না খেলে রিয়ালের জার্সিতে মাঠে নেমে এবং পরে সুইডেনে নৈশক্লাবে সময় কাটিয়ে সমালোচনার জন্ম দেন তিনি। এবার ধর্ষণ অভিযোগের তদন্ত চলায় তাকে পড়তে হলো খোদ রিয়াল মাদ্রিদের খাঁড়ার নিচে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। আন্তর্জাতিক বিরতিতে ছুটি পেয়ে সেদিন সুইডেন গিয়েছিলেন এমবাপে। সেখানে তিনি যে হোটেলে ওঠেন, সেখানে নাকি তার অবস্থানকালে ধর্ষণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: এমবাপ্পের অনুপস্থিতিতে চুয়ামেনির নেতৃত্বে মাঠে নামবে ফ্রান্স
সুইডেনের সংবাদপত্র আফ্টনব্লাডেট সর্বপ্রথম ওই ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আনে। তবে, অভিযুক্তের নাম খোলাসা করেনি তারা। এরপর আফ্টনব্লাডেটের বরাত দিয়ে রবিবার ফ্রান্সে খবরটি প্রচার করে ফরাসি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
এমবাপে ওই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা উল্লেখ না করে ঘটনাটি নিয়ে সুইডিশ পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এমবাপে পুলিশি তদন্তের আওতায় রয়েছে কি না, খবরে তাও স্পষ্ট করা হয়নি।
তবে, এ নিয়ে আরএমসির স্পোর্টের ওপর ক্ষোভ ঝাড়েন রিয়াল মাদ্রিদ তারকা। সোমবার এক্স পোস্টে তিনি ‘খবরটি ভূয়া’ বলে উল্লেখ করেন। কিন্তু তা সত্ত্বেও তাকে নিয়ে ঝুঁকি নেয়নি রিয়াল মাদ্রিদ।
৫০৭ দিন আগে
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে স্যার ফার্গুসনের
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে অবশেষে সম্পর্কচ্ছেদ হতে চলেছে ক্লাবটির ইতিহাসের সেরা ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের। খরচ কমানোর অংশ হিসেবে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির মালিকদের অন্যতম অংশীদার স্যার জিম র্যাটক্লিফ।
ওল্ড ট্র্যাফোর্ডে দীর্ঘ ২৬ বছর (১৯৮৬-২০১৩) কোচিং করানোর পর থেকে ক্লাবটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত ছিলেন ৮২ বছর বয়সী এই ফুটবলবোদ্ধা। তবে চলতি মৌসুম শেষে অবশেষে ইউনাউটেডের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে তার।
শুভেচ্ছাদূত হিসেবে ইউনাইটেড থেকে প্রতি বছর ২৬ লাখ (২.৬ মিলিয়ন) পাউন্ড করে পারিশ্রমিক নিতেন স্যার ফার্গুসন। পাশাপাশি ক্লাবের পরিচালকের পদেও ছিলেন এই কিংবদন্তি কোচ।
তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্যার র্যাটক্লিফ ইউনাইটেডের শেয়ার কেনার পর থেকে ক্লাবের খরচ কমানোর দিকে মনোযোগ দিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে ক্লাবের আড়াইশ জনের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার স্যার ফার্গুসনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
অবশ্য স্যার জিম র্যাটক্লিফের সঙ্গে স্যার ফার্গুসনের সরাসরি আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
খেলোয়াড়দের উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাবের একটি সূত্র।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে ব্রাইটনের কাছে হারল ইউনাইটেড
গত মাসে ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ১১৩ মিলিয়ন পাউন্ড লোকসানে আছে, যা প্রিমিয়ার লিগের তিন বছরের লোকসান সীমার (১১৫ মিলিয়ন পাউন্ড) খুব কাছাকাছি।
এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
৫০৭ দিন আগে
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ অংশ নিতে নিরাপদে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।
আগামী ১৭ অক্টোবর থেকে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত জাতির এই আঞ্চলিক নারী ফুটবলের আসর, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ নারী দল।
এ বিষয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষ্কার আকাশের পাশাপাশি খুব মনোরম আবহাওয়া বিরাজ করছে কাঠমান্ডুতে। দলের সমস্ত খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফ ভালো (শারীরিক) অবস্থায় রয়েছে।
আজ থেকেই রিকভারি সেশন শুরু করার কথা রয়েছে দলের খেলোয়াড়দের।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মাঠে কোনো ভারী সেশন রাখা হয়নি। তবে, সুইমিং পুলে হালকা রিকভারি সেশন করবে খেলোয়াড়রা।
এবারের আসরে তিন দলের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আর চার দলের গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও স্বাগতিক নেপাল।
আগামী ২০ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ২০২২ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ২৩ অক্টোবর একই সময়ে একই ভেন্যুতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল।
বাংলাদেশ নারী দল:
রূপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার, সিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন নিলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), স্বপ্না রানী, সুমাইয়া মাতসুসিমা, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন (অধিনায়ক), তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, ইয়ারজান বেগম, মিলি আক্তার ও সাগরিকা।
৫০৭ দিন আগে
বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, আসছেন ফিল সিমন্স
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দুই বছরের চুক্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তার দায়িত্বের মেয়াদ থাকলেও আগেভাগেই সরে যেতে হচ্ছে এই লঙ্কান কোচকে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে হাথুরুসিংহেকে বরখাস্ত করার কথা জানান বিসিবি সভাপতি ফারুক। পাশাপাশি তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।
সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব।’
একইসঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
‘দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করবেন।’
আরও পড়ুন: ক্রিকেট অবকাঠামোতে বিনিয়োগের অভাব, বিসিবির সমালোচনায় তামিম
মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এমনকি চুক্তি নিয়ে বিসিবির সঙ্গেও তিনি অসদাচরণে জড়িয়েছিলেন।
এ বিষয়ে ফারুক বলেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেসব বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’
৫০৭ দিন আগে
বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেটে খেলছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন বরিশালে।
সোমবার বিপিএল প্লেয়ার্স ড্রাফট শেষে নিজেদের দলগুলোকে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে। এ আসরে নবাগত দল দুর্বার রাজশাহীসহ মাঠে নামবে সাতটি দল।
গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবার তাকে ধরে না রাখায় প্রাথমিকভাবে সিলেট স্ট্রাইকার্সে তিনি থাকবেন কি না এ নিয়ে সংশয় ছিল। পরে তাকে দলে নিয়ে নিল স্ট্রাইকাররা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যোগ দিয়েছেন সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আরও পড়ুন: বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
সব দলই সরাসরি চুক্তি ও ধরে রাখা খেলোয়াড়দের নিয়ে দল গুছিয়ে নিয়েছে।
এবার স্থানীয় তারকাদের পাশাপাশি বেশ সংখ্যক আন্তর্জাতিক খেলোয়াড় বিপিএলে আসছেন।
এবারের আসরে অংশ নেবেন মঈন আলী, থিসারা পেরেরা, কাইল মেয়ার্স, ডেভিড মালান, জনসন চার্লস ও অ্যালেক্স হেলসের মতো তারকারা।
বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুযায়ী কোন দলে খেলবেন কারা-
ঢাকা ক্যাপিটালস
মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা।
চিটাগং কিংস
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম ও লাহিরু সামারাকুন।
ফরচুন বরিশাল
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা ও নান্দ্রে বার্গার।
খুলনা টাইগার্স
মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান, ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি ও মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার, নুরুল হাসান, মেহেদী হাসান, সাইফ হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
৫০৮ দিন আগে
বিক্ষোভের হুমকি সত্ত্বেও সাকিবের নিরাপত্তার আশ্বাস সরকারের
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া শেষ টেস্ট খেলতে দেশে ফিরবেন তিনি।
তবে গত আগস্টে নজিরবিহীন ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া পূর্ববর্তী সরকারের সঙ্গে সাকিবের সম্পৃক্ততার জন্য তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
সম্প্রতি, একদল শিক্ষার্থী বিক্ষোভকারী জুলাই ও আগস্টের আন্দোলনের সময় সাকিবের কর্মকাণ্ডের জন্য তার প্রতি ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি প্রদর্শন করেছে। বিক্ষোভকারীদের দাবি আন্দোলনের সময় দেড় হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
আরও পড়ুন: ক্রিকেট অবকাঠামোতে বিনিয়োগের অভাব, বিসিবির সমালোচনায় তামিম
মিরপুরের ক্রিকেট স্টেডিয়াম এলাকায় সাকিবের ওপর ক্ষোভ প্রকাশ করে দেয়াল লিখনও করেছেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা বলছেন, তারা চায় না সাকিব আবার বাংলাদেশের জার্সি গায়ে জড়ান। কারণ, তার সঙ্গে 'ফ্যাসিবাদী সরকারের' সম্পৃক্ততা রয়েছে।
এদিকে সাকিবের দেশে ফিরে আসা কিংবা টেস্ট ম্যাচে অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
রবিবার (১৩ অক্টোবর) গণমাধ্যেমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তিনি একজন ক্রিকেটার, তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক। তার স্বদেশ প্রত্যাবর্তনে কোনো বাধা দেখছি না। ক্রিকেট দলসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেটা নিশ্চিত করব।’
মিরপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা সাকিব ও বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জার্সি পোড়ালে তিনি এ মন্তব্য করেন। দুজনই শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন।
আসিফ মাহমুদ এই ক্ষোভকে 'আবেগের বহিঃপ্রকাশ' হিসেবে বর্ণনা করেছেন।
সাকিব ফ্যাসিবাদী সরকারের সদস্য ছিলেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, 'আমরা অনেক বড় আন্দোলনের পর এখানে এসেছি। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। তবে এখনও কিছু আবেগ জড়িত রয়েছে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিব আন্দোলনের সময় নিশ্চুপ থাকার জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, ‘নিজ শহর মাগুরার অগ্রগতির জন্য' তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং কেবল 'অল্প সময়ের জন্য' সংসদ সদস্য ছিলেন।
আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে এবং সাকিবসহ তার দল আওয়ামী লীগের আরও অনেকের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তবে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, সাকিব জড়িত না থাকলে মামলার ফাইল থেকে তার নাম বাদ দেওয়া হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ
৫০৯ দিন আগে
‘ভক্তদের’ বর্ষসেরা ফুটবলার পালমার
ম্যানচেস্টার সিটির একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে গত বছর চেলসিতে যোগ দিয়েই নিজেকে মেলে ধরা শুরু করেছেন ইংল্যান্ডের তরুণ প্রতিভা কোল পালমার। ফলে বছর না ঘুরতেই তার স্বীকৃতি পেলেন এই ফুটবলার।
ভক্তদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন চেলসির এই তরুণ উইঙ্গার।
২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলার হিসেবে মঙ্গলবার পালমারের নাম ঘোষণা করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আরও পড়ুন: পালমারের চার গোল, চেলসিতে বিধ্বস্ত ব্রাইটন
সমর্থকদের রায়ে পালমারের ঠিক পরেই ছিলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। আর গত দুই বছর টানা এই পুরস্কার জেতা আর্সেনালের বুকায়ো সাকা এবার হয়েছেন তৃতীয়।
২০২৩ সালের ১ সেপ্টেম্বর ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিটি থেকে পালমারকে দলে ভেড়ায় চেলসি। ব্লুসদের জার্সিতে প্রথম মৌসুমেই নিজের জাত চেনান এই উইঙ্গার। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ২৮ গোল ও ৯টি অ্যাসিস্ট করেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়।
৫১৩ দিন আগে
অভিষিক্ত নীতিশ রেড্ডির ব্যাটিং তাণ্ডবে ভারতের রানের পাহাড়
প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশি বোলারদের পিটিয়ে তুলোধুনা করেছে ভারতের ব্যাটাররা। রিংকু সিং ও অভিষিক্ত নীতিশ রেড্ডির ১০৮ রানের জুটিতে ভর করে টাইগারদের পাহাড়সম লক্ষ্য দিয়েছে ভারত।
মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
এদিন ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় নীতিশ রেড্ডির। প্রথম ম্যাচেই ৩৪ বলে ৭টি ছক্কা ও চারটি চারের সাহায্যে ইনিংস-সর্বোচ্চ ৭৪ রান করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। ২১ বছর ১৩৬ দিন বয়সে অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করা চতুর্থ সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার তিনি।
এছাড়া রিংকু সিং ২৯ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৫৩ এবং দুটি করে ছক্কা-চারে ১৯ বলে ৩২ রান করেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল ভারত
শেষের দিকে বাংলাদেশি বোলাররা বেশ কয়েকটি উইকেট তুলে নিলে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২১ রান করে থামে ভারত।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তিনটি উইকেটই তিনি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। এছাড়া দুটি করে উইকেট গিয়েছে তাসকিন, তানজিম ও মোস্তাফিজুরের ঝুলিতে।
৫১৩ দিন আগে
এমবাপ্পের অনুপস্থিতিতে চুয়ামেনির নেতৃত্বে মাঠে নামবে ফ্রান্স
আন্তোয়ান গ্রিজমান অবসরের ঘোষণা দেওয়ার পর ‘পোস্টার বয়’ কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে নতুন যুগ শুরুর আশা করেছিল ফ্রান্স। তবে ‘ঘোষিত’ চোটের কারণে স্কোয়াডে না থাকায় তারই রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনির হাত ধরে গ্রিজমান-পরবর্তী যুগে প্রবেশ করছে দুবারের বিশ্বকাপজয়ীরা।
উয়েফা নেশন্স লিগে বুদাপেস্টে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। ওই ম্যাচের জন্য চুয়ামেনিকে অধিনায়ক ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।
এক দশকের ফ্রান্সের হয়ে নিয়মিত মাঠে নামার পর গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বিশ্বকাপজয়ী ফরাসি অধিনায়ক আন্তোয়ান গ্রিজমান। তার পর কিলিয়ান এমবাপ্পেকে তার উত্তরসূরী নির্বাচন করা হয়।
আরও পড়ুন: দ্রুততম গোলের রেকর্ড গড়েও ইতালিতে বিধ্বস্ত ফ্রান্স
তবে গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে চোটে পড়েন এমবাপ্পে। ফলে অক্টোবরে নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর গত ৩ অক্টোবর ওই দুই ম্যাচের জন্য তাকে স্কোয়াডের বাইরে রেখেই দল ঘোষণা করেন দিদিয়ের দেশম।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিন রাতেই চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের ৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। এর তিন দিন পর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশে থেকে খেলতে নামেন তিনি।
এহেন কর্মকাণ্ডে দেশের প্রতি এমবাপ্পের নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্রান্সের সাবেক খেলোয়াড়রা বিষয়টি নিয়ে তাকে কাঠগড়ায় তুলেছেন।
অবশ্য এমবাপ্পের অনুপস্থিতিতে চুয়ামেনি ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে ও এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ন। তবে প্রথম ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ওপরই আস্থা রাখছেন দেশম।
আরও পড়ুন: বেলজিয়ামকে হারিয়ে প্রথম জয় পেল ফ্রান্স
নেশন্স লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জেতে। ইসরায়েলের বিপক্ষে প্রথম লেগের শেষ ম্যাচটি খেলার পর দ্বিতীয় লেগে আগামী ১৫ অক্টোবর বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।
এ লিগের দ্বিতীয় গ্রুপে সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। দুই ম্যাচই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইতালি।
৫১৩ দিন আগে
বদলে যাচ্ছে আতলেতিকোর মাদ্রিদের স্টেডিয়ামের নাম
আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়াম মেত্রোপলিতানোর নাম বদলে যাচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন নামস্বত্ব কিনে নেওয়ায় আগামী ৯ বছর স্টেডিয়ামটিকে নতুন নামে ডাকতে হবে।
গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদের স্পন্সর হয় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন রিয়াদ এয়ার। এরপর বুধবার (৯ অক্টোবর) ২০৩৩ সাল পর্যন্ত ক্লাবটির স্টেডিয়ামের নামস্বত্ব কেনার কথা জানিয়েছে তারা। এর ফলে স্টেডিয়ামটির নতুন নাম হচ্ছে ‘রিয়াদ এয়ার মেত্রোপলিতানো।’
২০১৭ সালে পুরনো ধাঁচের ভিসেন্তে কালদেরন থেকে সরে এসে নবনির্মিত মেত্রোপলিতানোকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ঘোষণা করে আতলেতিকো মাদ্রিদ। সে সময় চীনের রিয়েল এস্টেট গ্রুপ ওয়ান্দা নামস্বত্ব কেনায় ‘ওয়ান্দা মেত্রোপলিতানো’ নামে পরিচিত হয় স্টেডিয়ামটি। এরপর ২০২২ সালে স্পেনের রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সিভিতাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে এতদিন স্টেডিয়ামটিকে ‘সিভিতাস মেত্রোপলিতানো’ নামে ডাকা হতো।
আরও পড়ুন: ২০২৫ সালে খেলোয়াড় কিনতে ‘বাড়তি সুযোগ’ পাবে রিয়াল ও আতলেতিকো
রিয়াদ এয়ারকে ‘আতলেতিকোর ইতিহাসের সেরা স্পন্সর’ বলে জানানো হলেও আর্থিক অঙ্কে ঠিক কত টাকায় তাদের কাছে নামস্বত্ব বিক্রি করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।
২০২৩ সালের মার্চে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদ এয়ার প্রতিষ্ঠার ঘোষণা দেন। তবে এখনও কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি।
প্রসঙ্গত, মেত্রোপলিতানো স্পেনের আধুনিক স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। এর দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৮ হাজার। স্টেডিয়ামটি অত্যাধুনিক প্রযুক্তি ও স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে।
২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার পর এটি আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিতি পায়।
৫১৩ দিন আগে