খেলাধুলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়াল আইসিসি
ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে আইসিসি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে এখন পুরুষ ক্রিকেটারদের সমান করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে ৭.৯৬ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। এর মধ্যে বিজয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার যা গত আসরের ১ মিলিয়ন ডলার প্রাইজমানির দ্বিগুণের বেশি। আর রানার-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার, গত যা আসরে ছিল অর্ধেকেরও কম (৫ লাখ ডলার)।
এছাড়া সেমিফাইনাল খেলা অপর দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে, ২০২৩ আসরের চেয়ে (২ লাখ ১০ হাজার) যা তিন গুণেরও বেশি।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। গত আসরে দেওয়া ১৭ হাজার ৫০০ ডলারের চেয়ে এই অঙ্ক ৭৮ শতাংশ বেশি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও খালি হাতে ফিরবে না। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে ২ লাখ ৭০ হাজার ডলার করে দেওয়া হবে। আর পঞ্চম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের প্রত্যেককেই ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে পুরস্কৃত করা হবে।
বিবৃতিতে আইসিসি বলেছে, নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া এবং ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে আইসিসির নেওয়া কৌশলগত পদক্ষেপের অংশ।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
সূচিতে একটি পরিবর্তনও এনেছে আইসিসি। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটি বিকাল ৪টার পরিবর্তে মাঠে গড়াবে রাত ৮টায়। এছাড়া ওই দিন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই রাত ৮টার বদলে হবে বিকাল ৪টায়।
১৫ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১৭ ও ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। দুবাই ও শারজাহতে হবে পুরো টুর্নামেন্ট।
৬২৫ দিন আগে
ফুটবলাররা ধর্মঘটে নামতে বেশি দেরি নেই: ঠাঁসা সূচি প্রসঙ্গে রদ্রি
ফুটবলের ঠাঁসা সূচির কারণে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে খেলোয়াড়দের। অতিরিক্ত পরিশ্রমের প্রভাব পড়ছে তাদের শরীরেও, একের পর এক চোটে আক্রান্ত হচ্ছেন তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন খেলোয়াড় থেকে কোচ- সবাই। এবার এ প্রসঙ্গে কার্যত হুমকি দিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রি।
কাজের চাপ যে হারে বাড়ছে, তাতে ফুটবলারদের ধর্মঘটে নামতে বেশি দেরি নেই বলে মনে করেন সিটি ও স্পেন জাতীয় দলের এই অধিনায়ক।
সব মিলিয়ে ৬৩টি ম্যাচ খেলে ১৪ জুলাই ইউরোর ফাইনাল ম্যাচের মাধ্যমে গত মৌসুম শেষ করেছেন রদ্রি।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের কারণে ম্যাচ আরও বেড়েছে। এর সঙ্গে রয়েছে পরিবর্তিত ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ, উয়েফা নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সব মিলিয়ে গত মৌসুমের চেয়ে এ মৌসুমে ফুটবলারদের ব্যস্ততা আরও বেশি।
আরও পড়ুন: রদ্রির ব্যালন দ’র নিশ্চিত হয়ে গেছে
এর ফলে ফুটবলাররা কি তাহলে ধর্মঘটে নামতে পারে- সাংবাদিকের এমন প্রশ্নে রদ্রি বলেন, ‘আসলে আমরা এর থেকে (ধর্মঘট) বেশি দূরে নেই। এটা বুঝতে তো সমস্যা হওয়ার কথা নয়! আমার মনে হয়, যেকোনো ফুটবলারকে আপনি এই প্রশ্ন করলে একই উত্তর পাবেন।’
‘এটি রদ্রির মন্তব্য নয়, সব ফুটবলারদের সাধারণ মতামত এটি। আর যদি এভাবে চলতে থাকে, তবে কিছুদিনের মধ্যেই আমাদের (ধর্মঘটে নামা ছাড়া) আর কোনো উপায় থাকবে না। আমার সত্যিই তাই মনে হয়।’
২৮ বছর বয়সী এই কন্ট্রোলিং মিডফিল্ডার বলেন, ‘আমি জানি না, (এ বিষয়ে ভবিষ্যতে) কী হতে চলেছে, তবে এর ভুক্তভোগী তো হচ্ছি আমরাই।’
২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাব ফুটবলের প্রায় সব প্রতিযোগিতায় খেলার কারণে রদ্রির গেম টাইম এমনিতেই বেড়ে গেছে। ক্লাব বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া লিগ মিলিয়ে একেক মৌসুমে গড়ে অর্ধশতাধিক ম্যাচ খেলে থাকেন তিনি। চলতি মৌসুমে তা বেড়ে সর্বোচ্চ ৮৫টি ম্যাচ খেলতে হতে পারে তার।
আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার শিরোপা জিতে নবযুগের সূচনা করল স্পেন
অর্ধশতাধিক ম্যাচই একজন ফুটবলারের জন্য বেশি বলে মনে করেন রদ্রি, সেখানে ৮০টির বেশি ম্যাচ খেলা একেবারেই অমানবিক বলে মনে করেন তিনি।
‘দেখুন, ৪০-৫০টি ম্যাচে একজন খেলোয়াড় তার সেরাটা দিতে পারে। এরপর তার পারফরম্যান্স ধরে রাখা সম্ভব হয়ে ওঠে না। সেখানে আমাদের প্রতি মৌসুমে ৬০-৭০টি করে ম্যাচ খেলা লাগে। আর এ বছর তা ৭০-৮০ ম্যাচে গিয়ে দাঁড়াবে। বিভিন্ন প্রতিযোগিতায় (একটি ক্লাব) কতদূর যাবে, তার ওপর নির্ভর করছে ফুটবলারদের খেলার পরিমাণ। আমার কাছে এটি অত্যন্ত বেশি বলে মনে হয়।’
উল্লেখ্য, ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জয়ের পর স্পেনের হয়ে ইউরো জিতে এবারের ব্যালন দ’র জয়ের অন্যতম ফেভারিট হিসেবে মনোনয়ন পেয়েছেন রদ্রি।
৬২৫ দিন আগে
জিরোনায় বড় জয়ে মধুর প্রতিশোধ বার্সেলোনার
শুনতে অস্বাভাবিক মনে হলেও নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গত তিন ম্যাচের একটিতেও জয় পায়নি বার্সেলোনা। এর মধ্যে সবশেষ দুটি ম্যাচেই তারা হেরেছে ৪-২ ব্যবধানে। তবে বড় ব্যবধানে জিতে সেই হারের ক্ষতে প্রলেপ দিল হান্সি ফ্লিকের শিষ্যরা।
কাতালুনিয়ার এস্তাদি মন্তিলিভিতে রবিবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে এবারের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া জিরোনার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
গত মৌসুমে এই স্টেডিয়ামেই নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-২ ব্যবধানে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার গৌরব অর্জন করে কোচ মিচেলের শিষ্যরা। ২০২৩ সালের ২৮ জানুয়ারির পর থেকে এই মাঠে জয়বঞ্চিত ছিল বার্সেলোনা। ওই ম্যাচে পেদ্রির একমাত্র গোলে তিন পয়েন্ট সংগ্রহ করেছিল ‘ব্লাউগ্রানা’ খ্যাত দলটি।
তবে আজকে জোড়া গোল করে ম্যাচের নায়ক লামিন ইয়ামাল। এছাড়া একটি করে গোল করেন গত দলবদলের মৌসুমে বার্সায় ফেরা মিডফিল্ডার দানি অলমো এবং চোটের কারণে দীর্ঘদিন পর মাঠে ফেরা পেদ্রি। এছাড়া জিরোনার একমাত্র গোলটি করেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।
এদিন দ্বিতীয়ার্ধে কিছুটা চ্যালেঞ্জ জানালেও ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ম্যাচজুড়ে ১৭টি শট নেয় তারা যার আটটি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ৯টি শটের পাঁচটি লক্ষ্যে রেখেও একটির বেশি গোল পায়নি স্বাগতিকরা।
আরও পড়ুন: বার্সার দায়িত্ব নিয়ে শিরোপা জিততে বদ্ধপরিকর ফ্লিক
ম্যাচের শুরু থেকেই জিরোনাকে চেপে ধরে বার্সেলোনা। এর ফল তারা পেয়ে যাচ্ছিল প্রায় সঙ্গে সঙ্গেই।
ষষ্ঠ মিনিটে ক্ষিপ্র আক্রমণে উঠে প্রতিপক্ষের বক্সের মধ্যে একের পর এক পাসের পর জোরালো শট নেন একপ্রকার ফাঁকায় থাকা লামিন ইয়ামাল, কিন্তু ওই শটে জিরোনা গোলরক্ষক পাওলো গাস্সানিগাকে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেননি ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার। ফলে ম্যাচে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত হয় বার্সা।
ম্যাচের ষোড়শ মিনিটে কর্নার থেকে আসা ক্রসে হেডারে লক্ষ্যভেদ করার চেষ্টা করেন লেভানডোভস্কি, তবে বল সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায়। পরের মিনিটে জিরোনার মিগেল গুতিয়েরেসের নিচু শট ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন।
ম্যাচের ২৩তম মিনিটে বাঁ পাশ ধরে এগিয়ে গিয়ে বক্সে ঢুকেই বুলেট গতিতে শট হানেন বার্সা উইং ব্যাক আলেহান্দ্রো (আলেক্স) বালদে, কিন্তু তার সেই শট ক্রসবারের বেশ বাইরে দিয়ে চলে যায়।
তবে ম্যাচের আধঘণ্টা অতিবাহিত হওয়ার পর বার্সেলোনাকে আর আটকে রাখতে পারেনি স্বাগতিকরা।
৩০তম মিনিটে গোলরক্ষকের ছোট পাস ধরে সামনে এগোচ্ছিলেন জিরোনা ডিফেন্ডার দাভিদ লোপেস। বক্সের বাইরে বের হতেই হঠাৎ ছুটে গিয়ে তার কাছ থেকে বল ছিনিয়ে নেন লামিন। এরপর মাঝ বরাবর একটু এগিয়ে গিয়ে জোরালো শটে বল ঠিকানায় পাঠিয়ে দেন তিনি।
৬২৭ দিন আগে
এমবাপ্পের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে প্রস্তুত পিএসজি
প্যারিস সেন্ত জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে বেতন নিয়ে সমস্যা সমাধানে ফরাসি ফুটবল লিগের গভর্নিং বডির (এলএফপি) মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবার তার বিরদ্ধে আইনি লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি।
বুধবার দুই ঘণ্টার শুনানির পর কমিশনের এ প্রস্তাবকে পিএসজি স্বাগত জানালেও ফরাসি অধিনায়ক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর পর গত বছর ক্লাবের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়া ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড পিএসজির কাছ থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (৬০.৭৩ মিলিয়ন ডলার) চাইছেন।
ফরাসি ফুটবল লিগের আইনি কমিশন এমবাপ্পেকে যে পরামর্শ দিয়েছে, তা হচ্ছে- হয় কর্মসংস্থান আদালতে যান অথবা ক্লাবের সঙ্গে বিষয়টি মীমাংসা করে ফেলুন। তবে কমিশনের মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এমবাপ্পে।
আরও পড়ুন: বকেয়া অর্থ নিয়ে পিএসজির সঙ্গে আপস চান না এমবাপ্পে
এ বিষয়ে এক বিবৃতিতে তার প্রতিনিধিরা বলেছেন, ‘কমিশন এ বিষয়ে (পিএসজির সঙ্গে) মধ্যস্থতার প্রস্তাব দেয়। তবে এমবাপ্পের প্রতিনিধিদের পক্ষ থেকে সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। কারণ মধ্যস্থতা করতে গেলেই পাওনা অর্থের পরিমাণ কমে যাবে।’
এরপর বিষয়টির সমাধানে এখন আইনি পদক্ষেপ ছাড়া আর বিকল্প নেই বলে জানিয়েছে কমিশন।
কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু বিষয়টির সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আইনগত অধিকার কমিশনের নেই, তাই এখন অন্য আইনি ফোরামে দুই পক্ষের লড়াই করা উচিৎ। আর এ বিষয়ে সমস্ত তথ্য উপস্থাপন করতে প্রস্তুত পিএসজি।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এমবাপ্পের প্রতিনিধিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্যারিসে অসাধারণ সাতটি বছর কাটানোর সময় এমবাপ্পে বারবার প্রকাশ্যে ও ক্লাব কর্তাদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশ্যই তার সম্মান করা উচিত।
আরও পড়ুন: এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
পিএসজির দাবি, ক্লাবের কাছে এমবাপ্পের কোনো অর্থ পাওনা নেই। ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন পুনরায়ে স্কোয়াডে ফিরতে তিনি তার (পাওনা) বোনাস ত্যাগ করেন।
তবে এখন এমবাপ্পে ক্লাবের এই দাবি না মানায় এবং কমিশনের মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত বিষয়টি আদালতেই গড়াতে চলেছে।
৬২৯ দিন আগে
আনচেলত্তির ‘কৌতুকে’ ভড়কে গিয়েছিলেন বেলিংহ্যাম
বরুশিয়া ডর্টমুন্ডে ঝলক দেখিয়ে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। লস ব্লাঙ্কোসদের জার্সিতে প্রতিটি ম্যাচে আলো ছড়িয়ে চলেছেন তিনি।
তবে সান্তিয়াগো বের্নাবেউতে পথচলার শুরুর দিকে কোচ কার্লো আনচেলত্তির ‘কৌতুক’ বুঝতে না পেরে মানসিকভাবে ধাক্কা খেয়েছিলেন এই ফুটবলার।
২০২৩ সালের গ্রীষ্মকালীন দলবদলে ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে আসেন বেলিংহ্যাম। নতুন মৌসুমের শুরুতে সে বছরের আগস্ট মাসে দ্বিতীয় সারির ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে রথারহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড় গোল করেন তার ভাই জোব বেলিংহ্যাম। সেসময় জুডকে নিয়ে রসিকতা করেন আনচেলত্তি।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ডকুমেন্টারি সিরিজ ‘আউট অব দ্য ফ্লাডলাইটের’ প্রথম পর্বে ওই ঘটনা তুলে ধরেন বেলিংহ্যাম।
২১ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘আমরা বের হচ্ছি, এমন সময় আনচেলত্তি আমার কাছে এসে বললেন- আমরা ভুল খেলোয়াড়কে দলে ভিড়িয়েছি। তখন আমি তাকে বললাম- আপনি মজা করছেন, তাই না? তিনি বললেন- না, আমি সত্যিই ওকে (জোব) নিয়ে আসব (মাদ্রিদে)। আমি তখন বললাম- আচ্ছা, তা ওকে কোথায় খেলাবেন? সঙ্গে সঙ্গে আনচেলত্তির জবাব- কেন তোমার জায়গায়!’
‘শুনে তো আমি ভড়কে গিয়েছি। তবে সবশেষে তিনি হেসে দিলেন, আর আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। মনে মনে বললাম- যাক আজকে আর চাপ নেই।’
তবে সত্যি সত্যি নিজের ওপর চাপ বাড়তে দেননি জুড। ওইদিন লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে রিয়ালের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনিও জোড়া গোল করেন।
আরও পড়ুন: ব্যালন দ’র: ভিনিসিউস, বেলিংহ্যামকে ফেভারিট মনে করেন না কারভাহাল
রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে লা লিগায় ক্লাবটির হয়ে সর্বোচ্চ (১৯) গোল করেন বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন এই ফুটবলার।
৬২৯ দিন আগে
বিলিয়ন ছাড়াল রোনালদোর অনুসারী
রেকর্ড কিছুতেই যেন পিছু ছাড়তে চায় না ক্রিস্তিয়ানো রোনালদোর। এইতো সেদিন ৯০০ গোলের অনন্য কীর্তি গড়লেন তিনি। এবার মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বরেকর্ড গড়লেন ফুটবলের এই মহাতরকা।
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্ম মিলিয়ে এক বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার।
বৃহস্পতিবার রাতে নিজেই এ সংবাদ জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন রোনালদো, যেটি ইংরেজি ‘১ বি’ আকৃতির মধ্যে তার ফুটবল ক্যারিয়ারের অসংখ্য স্মৃতির সমন্বয়ে গঠিত। ছবিটির শিরোনাম তিনি দিয়েছেন, ‘১ বিলিয়নের স্বপ্ন, একটি যাত্রা।’
আরও পড়ুন: পর্তুগালের জয়ের রাতে ইতিহাস গড়লেন রোনালদো
আল নাসর অধিনায়কের ইনস্টাগ্রামে ৬৩৮ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন ও এক্সে রয়েছে (সাবেক টুইটার) ১১৩ মিলিয়ন অনুসারী। এছাড়া সম্প্রতি খোলা তার ইউটিউব চ্যানেল ‘ইউআর রোনালদো’ দ্রুততম সময়ের মধ্যে ৬০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে।
মাইলফলক স্পর্শ করার পরে অনুসারীদের ধন্যবাদ জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা ইতিহাস গড়েছি- ১ বিলিয়ন অনুসারী! এটি একটি সংখ্যার চেয়েও বেশি- এটি খেলা ও এর বাইরেও আমাদের অভিন্ন আবেগ, উদ্যম ও ভালোবাসার প্রমাণ।’
বিশেষ এই মুহূর্তে নিজের শৈশবে ফিরে গেছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের অন্যতম এই তারকা।
‘মাদেইরার সড়ক থেকে শুরু করে বিশ্বের বড় বড় মঞ্চ, সবখানে আমি আমার পরিবার ও আপনাদের জন্য খেলেছি। এখন আমরা ১০০ কোটি মানুষ একত্রিত হয়েছি।’
আরও পড়ুন: হাজার গোলের মাইলফলক ছুঁতে চান রোনালদো
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোনালদো আরও লিখেছেন, ‘আমার প্রতিটি পদক্ষেপে, সমস্ত উত্থান-পতনের মধ্য দিয়ে আপনারা আমার সঙ্গে ছিলেন। এটি আমাদের যাত্রা এবং আমরা দেখিয়েছি যে, একসঙ্গে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থন ও আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’
চলতি মাসের শুরুতে ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। অবশ্য এখানেই থামতে চান না তিনি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্যের কথা জানিয়েছেন এই ফরোয়ার্ড।
পাঁচবার ব্যালন দ’র জয়ী এই তারকা আরও বলেন, ‘সেরাটা আসতে এখনও বাকি, আমরা একসঙ্গে চেষ্টা চালিয়ে যাব, জিতব এবং ইতিহাস গড়ব।’
আরও পড়ুন: অবসরের বিষয়ে আগে কাউকে কিছু জানাবেন না রোনালদো
৬২৯ দিন আগে
লিওনেল মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব: ইয়ামাল
একজন শুধু বার্সেলোনা ও আর্জেন্টিনার নয়, গোটা ফুটবল ইতিহাসের মতভেদে সর্বকালের সেরা ফুটবলার; অন্যজন তারই পথ ধরে উঠে আসছেন বার্সেলোনার জার্সিতে। তবে বাঁ পায়ে সৌন্দর্য ছড়ানো, ড্রিবলিংসহ ফুটবলের অন্যান্য শৈলীতে দুজনের মধ্যে মিল পাওয়া যায় অনেক। তাই দ্বিতীয়জনকে এরইমধ্যে ফুটবলের আর্জেন্টাইন মায়েস্ত্রা লিওনেল মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন অনেকেই।
তবে মেসির সঙ্গে নিজের তুলনা শুনতে ভালো লাগলেও তার উচ্চতা যে অনন্য পর্যায়ে, তা স্বীকার করে নিজেকে স্বকীয় ফুটবলার হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ প্রতিভা লামিন ইয়ামাল।
জন্মের পর মাত্র ছয় মাস বয়সে লিওনেল মেসির সঙ্গে ফটোশুটে অংশগ্রহণের সুযোগ পান লামিন। এরপর মেসির মতোই লা মাসিয়া ফুটবল অ্যাকাডেমিতে বেড়ে উঠে বার্সেলোনার জার্সিতে পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করেছেন তিনি।
মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র ফুটবলে নাম লেখানোর পর থেকে যেখানেই খেলছেন, একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন গত জুলাইতে ১৭ বছরে পা দেওয়া এই উইঙ্গার।
বার্সেলোনার জার্সিতে অভিষেকের দিন ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ (১৫ বছর ২৯০ দিন) ফুটবলার হিসেবে মাঠে নামেন তিনি। এরপর স্পেন জাতীয় দলের হয়ে মাঠে নেমেই দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলারদের অন্যতম বনে যান তিনি। তার চেয়ে কম বয়সে লা রোহাদের জার্সিতে মাঠে নেমেছেন মাত্র চারজন খেলোয়াড়।
গত বছরের অক্টোবরে গ্রানাদার বিপক্ষে প্রথম জালের দেখা পেয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৬ বছর ৮৭ দিন) গোল করার কীর্তি গড়েন এই তরুণ প্রতিভা। এরপর ২০২৪ সালের ইউরো আসরেও চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দেন বাঁ পায়ের এই প্রতিভাবান ফুটবলার। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়ার পর স্পেনকে রেকর্ড চতুর্থবার ইউরোপসেরার মুকুট পরাতে রাখেন বড় অবদান। একটি গোল ও চারটি অ্যাসিস্টে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতার আগে টুর্নামেন্টটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোল ও অ্যাসিস্টদাতার স্বীকৃতি অর্জন করেন তিনি।
আরও পড়ুন: পেলের রেকর্ড ভেঙে একগাদা রেকর্ডে লামিন ইয়ামাল
বাঁ পায়ের কারুকাজে ফুটবল বিশ্বকে এখন থেকেই মাতানো শুরু করেছেন এই উইঙ্গার। তার খেলা দেখে তাই তরুণ লিওনেলের সঙ্গে অনেক মিল খুঁজে পান ফুটবলপ্রেমীরা। তাই তো এখন থেকেই তাকে মেসির উত্তরসুরী হিসেবে বিবেচনা করা শুরু করেছেন অনেকে।
তবে বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে নিজেকে তুলনায় টানতে নারাজ লামিন।
স্প্যানিশ টিভি চ্যানেল ‘আন্তেনা ত্রাই’কে তিনি বলেন, ‘আমাকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়, বিষয়টি মন্দ লাগে না। তবে মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব।’
ছোটবেলায় মেসির সঙ্গে ফটোশুট নিয়ে এসময় সাংবাদিকের প্রশ্নের জবাব তিনি দেন কিছুটা মজার ছলেই-
‘দেখুন, তিনি তার কিছু ক্ষমতা আমাকে দিয়েছেন। তবে আমার নিজের এখনও অনেক কিছু দেওয়ার আছে।’
আরও পড়ুন: বিরল কীর্তিতে রোনালদোর পাশে বসলেন ইয়ামাল
কোচ শাভি এরনান্দেসের হাত ধরে পেশাদার ফুটবলে হাতেখড়ি হওয়ার পর থেকে লামিনের পারফরম্যান্স গ্রাফ যে গতিতে উপরে উঠছে, তাতে তিনি যে বড় বড় ফুটবল ক্লাবের নজরে আছেন, সে কথা জানেন তিনি। তবে কখনও বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যেতে চান না এই তরুণ ফরোয়ার্ড।
তিনি বলেন, ‘আশা করি আমাকে কখনোই বার্সেলোনা ছাড়তে হবে না। এখানেই আমি কিংবদন্তি হতে চাই।’
৬২৯ দিন আগে
মারাদোনার মৃত্যুর বিচার আরও এক দফা পেছাল
সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম দিয়েগো মারাদোনার মৃত্যুর ঘটনায় ‘অবহেলার কারণে হত্যার’ অভিযোগে আট স্বাস্থ্যকর্মীর বিচার প্রক্রিয়া আরও এক দফায় পিছিয়ে গেছে। আগামী অক্টোবর থেকে শুরু হতে চলা এই বিচার কার্যক্রম আগামী বছরের মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ বছরের ৪ জুন এই মামলার বিচার শুরু হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারিত হয় ১ অক্টোবর। এরপর তা আরও এক দফা পিছিয়ে আগামী মার্চ মাসে নির্ধারণ করা হলো।
২০২৫ সালের ১১ মার্চ থেকে এ বিচার প্রক্রিয়া শুরু হবে বলে রায় দিয়েছে দেশটির রাজধানী বুয়েনস এইরেসের উপকণ্ঠে অবস্থিত শহর সান ইসিদ্রোর একটি আদালত।
আরও পড়ুন: ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্ত, চিকিৎসকের কার্যালয়ে তল্লাশি
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আট আসামির মধ্যে তিনজনের অনুরোধে দ্বিতীয়বারের মতো শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রোপচারের কিছুদিন পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো আরমান্দো মারাদোনা।
বরাবরই অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য পরিচিত এই কিংবদন্তি দীর্ঘদিন ধরে মাদক ও মদের প্রতি আসক্তিসহ স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুর আগে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। সে সময় মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথেই ছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের এই মহানায়ক। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে ওঠার পথে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: একদিন আকাশেও ফুটবল খেলব আমরা: ম্যারাডোনা শোকে পেলে
মারাদোনা মারা যাওয়ার পরদিনই এ ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানান তার আইনজীবী মাতিয়াস মোরিয়া। এরপর ২০২২ সালের মার্চে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে ওই বছরের জুনে আটজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত।
আদালতের রায়ে বলা হয়, অভিযুক্ত প্রত্যেকের আচরণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রশ্নবিদ্ধ। তাদের কার্যকলাপ মারাদোনাকে মৃত্যুর পথে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।
বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে অভিযুক্তদের মধ্যে তার নিউরোসার্জন, মনোবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞ ও নার্সরাও রয়েছেন। দোষী প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৬২৯ দিন আগে
বেতনসীমায় বড় লাফ দিলেও রিয়ালের ধারেকাছেও নেই বার্সেলোনা
আর্থিক সংকটে ভুগতে থাকায় গত মৌসুমে ফুটবল ক্লাব বার্সেলোনার বেতনসীমা ২৭০ মিলিয়ন ইউরো থেকে ২০৪ মিলিয়নে নামিয়ে দেয় লা লিগা। তবে চলতি ২০২৪-২৫ মৌসুমে এই সীমায় বড় লাফ দিয়েছে কাতালুনিয়া জায়ান্টরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলা ফুটবল ক্লাবগুলোর বেতনসীমার তালিকা প্রকাশ করেছে লা লিগা। এতে দেখা যায়, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ক্লাবটির বেতনসীমা দ্বিগুণের বেশি বেড়ে ৪২৬ মিলিয়ন ইউরোতে উঠেছে।
তবে ৭৫৪ মিলিয়ন ইউরো নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত বছর তাদের বেতনসীমা ছিল ৪৯৩ মিলিয়ন ইউরো। এছাড়া ১৪ মিলিয়ন বেড়ে চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদের বেতনসীমা দাঁড়িয়েছে ৩১০ মিলিয়ন ইউরোতে।
৬৩০ দিন আগে
সনকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে অভিযুক্ত ক্লাব সতীর্থ
ফুটবল মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিংবা সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক মন্তব্যের ঘটনা বিরল নয়। তবে টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান অধিনায়ক হিউং মিন-সন নিজ ক্লাব সতীর্থের কাছ থেকেই বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন।
ঘটনাটি গত জুন মাসের। উরুগুয়ের টেলিভিশন প্রোগ্রাম ‘পর লা কামিসেতা’য় স্প্যানিশ ভাষার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির টটেনহ্যাম ডিফেন্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর। ওই অনুষ্ঠানের এক পর্যায়ে বেন্তাঙ্কুরের কাছে টটেনহ্যাম খেলোয়াড়দের কোনো একজনের জার্সি চেয়ে বসেন সঞ্চালক রাফা কোতেলো।
সঙ্গে সঙ্গে বেন্তাঙ্কুর বলে ওঠেন, ‘কার সনির (সনের ডাকনাম)? অবশ্য ওর চাচাতো ভাইয়ের শার্ট দিলেও চলে, কারণ ওরা সবাই দেখতে তো একইরকম।’
আরও পড়ুন: প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ: ব্রাজিল পুলিশের তদন্তে নির্দোষ আন্তোনি
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে বেন্তাঙ্কুরের সমালোচনায় সরব হয় সোশ্যাল মিডিয়া।
এরপর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। ইনস্টাগ্রাম পোস্টে ওই মন্তব্যকে ‘খুবই বাজে রসিকতা’ বলে উল্লেখ করেন তিনি।
বৈষম্যবিরোধী দাতব্য সংস্থা কিক ইট আউট সে সময় জানিয়েছিল, বেন্তাঙ্কুরের বর্ণবাদী মন্তব্য নিয়ে তারা ‘উল্লেখযোগ্য সংখ্যক’ অভিযোগ পেয়েছে। এটি ‘পূর্ব এশীয় ও ওই অঞ্চলের বৃহত্তর সম্প্রদায়কে ব্যাপকভাবে প্রভাবিত করে এমন একটি বড় ইস্যুতে’ পরিণত হয়েছে।
সে সময় সন অবশ্য এ বিষয়টি দুজনে মিটিয়ে ফেলেছেন বলে জানান। তিনি বলেছিলেন, সে (বেন্তাঙ্কুর) বর্ণবাদী মন্তব্যের জন্য তার কাছে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন: আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুনানি শুরু সোমবার
জুন মাসেই সন বলেন, ‘আমি লোলোর (বেন্তাঙ্কুরের ডাকনাম) সঙ্গে কথা বলেছি। সে একটা ভুল করেছে- এটা সেও জানে এবং তার জন্য (আমার কাছে) ক্ষমাও চেয়েছে।’
তিনি বলেন, ‘লোলো কখনও ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কিছু বলতে পারে না। আমরা ভাই ভাই, (তার ওই মন্তব্যের কারণে দুজনের সম্পর্কে) কিছুই বদলায়নি।’
‘বিষয়টি অতীত। আমরা এখন ঐক্যবদ্ধভাবে ক্লাবের জন্য লড়াই করব।’
তবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।ভ
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফুটবলার রদ্রিগো বেন্তাঙ্কুরের গণমাধ্যমে সাক্ষাৎকারে অসদাচরণের পরিপ্রেক্ষিতে এফএর আইন ই৩ ভাঙার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: বর্ণবাদ রুখতে স্পেনের ফুটবলে নতুন আইন
বিবৃতিতে বলা হয়েছে, টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে, যা বিতর্কের সৃষ্টি করেছে। তিনি যা বলেছেন, তা স্পষ্টতই জাতিবিদ্বেষের দোষে দোষী। কোনো জাতি, সম্প্রদায় বা উপজাতি নিয়ে প্রকাশ্যে হোক কিংবা গোপনে এ ধরনের মন্তব্য আইনের লঙ্ঘন।
আইন অনুসারে তাকে ৬ থেকে ১২ ম্যাচ নিষেধাজ্ঞা দিতে বৈষম্যমূলক কাজের নিয়ন্ত্রক কমিশনের কাছে সুপারিশ করা হবে বলেও বিবৃতিতে জানিয়েছে এফএ।
অবশ্য এ বিষয়ে নিজের পক্ষে সাফাই দিতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে বেন্তাঙ্কুরকে।
৬৩০ দিন আগে