খেলাধুলা
রোনালদোর আল নাসরকে গুঁড়িয়ে সৌদি সুপার কাপ জিতল আল হিলাল
সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সৌদি সুপার কাপে রোনালদো দল আল-নাসরকে একপ্রকার গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন আল-হিলাল।
শনিবার (১৭ আগস্ট) আবহা শহরের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ স্টেডিয়ামে সুপার কাপের ফাইনাল ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছে আল হিলাল।
এই জয়ে রেকর্ড পঞ্চমবারের মতো সুপার কাপ ঘরে তুলেছে ক্লাবটি। বাকি দলগুলোর মধ্যে সর্বোচ্চ সুপার কাপ নেওয়ার রেকর্ড দুবার।
ম্যাচে চরম বিপর্যস্ত হলেও শুরুটা কিন্তু ভালো করেছিল আল নাসর। রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে আল নাসরের সবকিছু এলোমেলো করে দিয়েছে আল হিলাল।
ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লাৎসিও থেকে আল হিলালে যোগ দেওয়া মিডফিল্ডার সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ। এরপর ৬৩ ও ৬৯তম মিনিটে জোড়া গোল করে বড় ব্যবধান গড়ে দেন ফুলহ্যাম থেকে গত মৌসুমে সৌদিতে পাড়ি জমানো আরেক সার্বিয়ান আলেকসান্দার মিত্রোভিচ। ৭২তম মিনিটে কফিনের শিষ পেরেকটি ঠুকে দেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান উইঙ্গার মালকম।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
দশ মিনিটের ঝড়ে এলোমেলো আল নাসর এরপর ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায়। দলটির ফুটবলারদেরও ম্যাচে ফিরতে মরিয়া ভাবটি ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচটি হেরে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় রোনালদো অ্যান্ড কোংকে।
গত মৌসুমে এই আল হিলালের কাছেই সৌদি প্রো লিগের শিরোপা হাতছাড়া হয়েছে রোনালদোর আল নাসরের। এরপর এ বছরের মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও তাদের বিপক্ষে হেরে শিরোপাবঞ্চিত হতে হয়। তারপর সুপার কাপের ফাইনালে সেই একই প্রতিপক্ষ পেয়েও প্রতিশোধ নিতে তো পারল না-ই, বরং নাকানি-চুবানি খেয়ে এই শিরোপাটিও হাতছাড়া হলো তাদের।
৬৫৫ দিন আগে
ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার ও কোচ শাভি এরনান্দেসকে বরখাস্ত করার পর নতুন কোচ হান্সি ফ্লিকের তত্ত্বাবধায়নে কেমন খেলবে দলটি, তা দেখার অপেক্ষায় ছিল সবাই। তবে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও জয় পেয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছে বার্সেলোনা।
শনিবার (১৭ আগস্ট) রাতে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে কাতালুনিয়া জায়ান্টরা। জোড়া গোল করে বার্সাকে জয় এনে দেন রবের্ট লেভানডোভস্কি।
এর ফলে বার্সা কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ফুটবলে জয় দিয়ে শুভসূচনা হয়েছে ফ্লিকের।
ম্যাচের ৪৪তম মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর গোল পরিশোধ করতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সেলোনা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লেভানডোভস্কি। এরপর বিরতির পর ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার।
এরপর আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি বার্সেলোনার ফুটবলাররা। ফলে ২-১ ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই সালাহর দুই রেকর্ড
এদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ইলকাই গুন্ডোগান, গাভি, রোনাল্দ আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতির মতো দলটির প্রমাণিত ফুটবলাররা। এছাড়া চলতি দলবদলের মৌসুমে লাইপসিগ থেকে দলে টানা দানি অলমোকেও এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি আর্থিক জটিলতায় ভোগা বার্সেলোনা।
ফলে কৌশলে পরিবর্তন এনে দল সাজাতে হয় ফ্লিকের। শুরুর একাদশে তিনি নামিয়ে দেন ১৭ বছর বয়সী তিন ফুটবলার- লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও মার্ক বের্নালকে।
তবে তরুণ হলেও কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তাদের সবাই। রক্ষণভাগে কুবারসি ছিলেন অসাধারণ। কন্ট্রোলিং মিডফিল্ডে এদিন বার্সায় অভিষিক্ত বের্নালও ছিলেন দারুণ। আর বরাবরের মতোই আক্রমণভাগে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর ত্রাস ছড়ান লামিন।
আগামী শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টায় আথলেতিক বিলবাউয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুন: হাভার্টস-সাকার গোলে জয় দিয়ে শুরু আর্সেনালের
৬৫৫ দিন আগে
হাভার্টস-সাকার গোলে জয় দিয়ে শুরু আর্সেনালের
মৌসুমজুড়ে দারুণ খেলেও অল্পের জন্য গতবার লিগ শিরোপা হাতছাড়া হয় আর্সেনালের। তবে এবার আরও প্রত্যয়ী হয়ে ফের শিরোপার জন্য লড়াই করতে শিষ্যদের তাগিদ দেন মিকেল আর্তেতা। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই কোচের সে আহ্বানে সাড়া দিয়েছেন খেলোয়াড়রা।
শনিবার (১৭ আগস্ট) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। বুকায়ো সাকা ও কাই হাভার্টসের যুগলবন্দিতে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল।
ম্যাচের ২৫তম মিনিটে ডান পাশ থেকে সাকার দেওয়া দারুণ এক ক্রসে বক্সের মধ্যে থেকে হেড দিয়ে জালে বল পাঠান জার্মান ফরোয়ার্ড হাভার্টস। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪তম মিনিটে বক্সের মধ্যে হাভার্টসের পাস ধরে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে শট নেন সাকা। বল সবাইকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
এরপরও ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স অনুযায়ী ফল আসেনি বলে মনে করেন আর্সেনাল বস। তবে লিগের প্রথম ম্যাচে এই ফল একেবারে হতাশাজনক নয় বলেও মত তার।
আরও পড়ুন: নবাগত ইপসউইচকে হারিয়ে লিভারপুলে ‘স্লট অধ্যায়’ শুরু
আর্তেতা বলেন, ‘প্রথম ম্যাচে অনেক ধরনের অনিশ্চয়তা নিয়ে খেলা শুরু করতে হয়। ম্যাচটি ১-০ ব্যবধানে শেষ হলে সত্যিই হতাশ হতাম। তবে স্কোরলাইন যা হয়েছে তা নিয়ে মোটের ওপর আমি খুশি।’
‘প্রথমার্ধে আমাদের আরও গোল করার সুযোগ ছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারায় খানিকটা হতাশ। দ্বিতীয়ার্ধে উলভস যে খেলায় ফিরবে তা জানতাম, আর সেটি তারা করে দেখিয়েছেও।’
৬৫৬ দিন আগে
প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই সালাহর দুই রেকর্ড
প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমে খেলতে নেমেই গোল পেয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। আর এতে বিরল দুই রেকর্ড করে অনন্য উচ্চতায় উঠেছেন এই মিসরীয় ফরোয়ার্ড।
শনিবার (১৭ আগস্ট) ইপসউইচের পোর্টম্যান রোড স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করেছে লিভারপুল।
ম্যাচের ৬০তম মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন দিয়োগো জোতা। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ নিজেই।
এর ফলে ইংলিশ লিগে ৯ মৌসুমে প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি। আর এতেই লিগের কিংবদন্তি সব তারকাদের পেছনে ফেলে দিয়েছেন সালাহ।
এর আগে, আট মৌসুমে প্রথম ম্যাচে গোল করে চেলসির ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি ও নিউক্যাসল ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়েরারের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছিলেন ৩২ বছর বয়সী সালাহ।
আরও পড়ুন: নবাগত ইপউইচকে হারিয়ে লিভারপুলে ‘স্লট অধ্যায়’ শুরু
সালাহ ছাড়া এই রেকর্ডধারী তিনজনই ছিলেন ইংলিশ ফুটবলার। তবে আজকের গোলের পর তিনি সবাইকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন।
শুধু তাই নয়, প্রথম ম্যাচে মোট গোলে অবদানের সংখ্যায় তিনি ওয়েন রুনিকেও ছাড়িয়ে গেছেন আজ। এতদিন ১৩ গোলে অবদান রেখে (৮ গোল ও ৫ অ্যাসিস্ট) এই রেকর্ডটি ছিল শুধু রুনির। তবে দিয়োগো জোতার গোলে অ্যসিস্ট করায় ৯ গোল ও ৫ অ্যাসিস্ট নিয়ে রুনিকে পেছনে ফেলেছেন তিনি।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর শুধু এক মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে গোলবঞ্চিত ছিলেন সালাহ। গত (২০২৩-২৪) মৌসুমের শুরুর ম্যাচে চেলসির সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের ম্যাচটিতে তিনি গোলের দেখা পাননি। তবে তিনি যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত লিগে শুরুর ম্যাচে হারেনি লিভারপুল।
অবশ্য ইপসউইচের বিপক্ষে এই ম্যাচটি শুধু সালাহর জন্যই স্মরণীয় হয়ে থাকবে না। দুই ক্লাবের উভয় ম্যানেজারেরই স্ব স্ব ক্লাবের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচ ছিল এটি। ২০১৭ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে দুই ম্যানেজারের অভিষেক দেখল ফুটবল বিশ্ব।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা দেবে ইপিএল
৬৫৬ দিন আগে
নবাগত ইপসউইচকে হারিয়ে লিভারপুলে ‘স্লট অধ্যায়’ শুরু
ইয়ুর্গেন ক্লপের সোনালী অধ্যায়ের পর আর্নে স্লট লিভারপুল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল ভক্ত-সমর্থকদের মাঝে। তবে নতুন মৌসুমের প্রথম ম্যাচ জিতেই ‘স্লট অধ্যায়’ শুরু করেছে লিভারপুল।
শনিবার (১৭ আগস্ট) ইপসউইচের পোর্টম্যান রোড স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের যাত্রা শুরু করেছে লিভারপুল।
ম্যাচের ৬০তম মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন দিয়োগো জোতা। এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।
এর ফলে ২২ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা ইপসউইচের শুরুটা হলো হার দিয়ে। আর প্রিমিয়ার লিগে স্লটের লিভারপুল অধ্যায়ের শুভ সূচনা হয়েছে।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা দেবে ইপিএল
প্রথমার্ধে অবশ্য লিভারপুলকে সমানে চ্যালেঞ্জ জানিয়ে গেছে ইপসউইচ। এতে সমর্থকদেরও হাততালি কুড়ান খেলোয়াড়রা। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে লিভারপুলের স্কোয়াডের শক্তি-সামর্থ্যের কাছে হার মানতে হয় তাদের।
৬৫৬ দিন আগে
পা ভেঙে চার মাস মাঠের বাইরে সিটির তরুণ প্রতিভা
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার অভিযান শুরু হতে বাকি আর দুই দিন। এরই মাঝে দুঃসংবাদ পেলেন পেপ গার্দিওলা। চোটের কারণে এবার ছিটকে গেছেন প্রাক-মৌসুমে সিটি বসের আস্থাভাজন তরুণ প্রতিভা অস্কার বব।
শুক্রবার (১৬ আগস্ট) অনুশীলন চলাকালে পা ভেঙে গেছে ববের। এ কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।
রবিবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় চেলসির বিপক্ষে নিজেদের মৌসুম শুরু করবে ম্যানচেস্টার সিটি। তবে ক্লাব অধিনায়ক রদ্রি ও ববকে ছাড়াই প্রিমিয়ার লিগ শুরু করতে হচ্ছে তাদের।
আরও পড়ুন: সিটি সমর্থকদের সুখবর দিলেন গার্দিওলা
দলের শক্তি কমে গেলেও শিষ্যদের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন গার্দিওলা।
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি জানি না কী হতে চলেছে। সবাই জানে আমরা সেরা অবস্থায় নেই, তবে এটা কোনো ব্যাপার না। আমাদের ভালো করার ইচ্ছা আছে। আমি মনে করি, এই মুহূর্তে আমাদের মতো অবস্থায় (লিগের) অনেক দলই রয়েছে।’
‘আমি যা শিখেছি তা হলো, দীর্ঘ একটি মৌসুম শুরু করতে যাচ্ছি আমরা। তাই খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এর জন্য দরকার পর্যাপ্ত বিশ্রাম। আমরা যখন খেলেছি, তখন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। এখানেও যে খেলোয়াড়রা আছে তাদের সেরাটা দিতে হবে।’
পায়ের চোট সারাতে অস্ত্রোপচারের পর তিন-চার মাস মাঠের বাইরে থাকতে হবে নরওয়েজিয়ান ফরোয়ার্ড ববকে। তার জন্য দুঃখ প্রকাশ করেছেন গার্দিওলা। এছাড়া ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে স্পেনের ম্যাচের বিরতির ঠিক আগে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রদ্রির। তিনিও এখনও পুরোপুরি সেরে ওঠেননি।
এ বিষয়ে গার্দিওলা বলেন, ‘সে অনুশীলনে ফিরেছে কিনা জানি না; আমি এখনও তাকে দেখিনি। অনুশীলনে সে কেমন অনুভব করে, আমাদের তা দেখতে হবে। তবে রবিবার তার খেলার কোনো সম্ভাবনা নেই।’
তিনি বলেন, ‘আমরা বাকিদের অগ্রাধিকার দিচ্ছি। আমি আরও সময় দিতে চাই, কিন্তু সেটা তো সম্ভব হয়ে উঠছে না। তাই চেলসির বিপক্ষে আমি (খেলোয়াড়দের) সেরাটা দেখতে চাই। তারা যখন আরও ফিট হবে, তখন তাদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।’
আরও পড়ুন: ইপসউইচ টাউনে ম্যানসিটি ফরোয়ার্ড ডেলাপ
৬৫৭ দিন আগে
বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাবে রোনালদিনিয়োর ছেলে
বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দেওয়ার এক বছর পরই কাতালুনিয়ার ক্লাবটি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন বার্সার ব্রাজিল কিংবদন্তি রোনালদিনিয়োর ছেলে জোইয়াও মেন্দেস।
১৯ বছর বয়সী মেন্দেসের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাব বার্নলি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া ক্লাবটি এ মৌসুমে দ্বিতীয় বিভাগে (চ্যাম্পিয়নশিপ) খেলবে।
ক্লাবটির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো এই দলবদলের খবর নিশ্চিত করেছেন। পাশাপাশি বার্নলি কর্তৃপক্ষের সঙ্গে মেন্দেসের ক্লাবটির জার্সি ধরা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
বার্নলি কোচ স্কট পার্কারও এই দলবদলের ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছেন, রোনালদিনিয়োর মতো তরকার ছেলে আমাদের ক্লাবে যোগ দিচ্ছে- এ বিষয়ে (ভক্ত-সমর্থকদের) উত্তেজনা আমি বুঝি। তবে এখনই তাকে মূল একাদশে জায়গা দেওয়া হবে না। ক্লাবের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে তাকে দলে টানা হচ্ছে।
আরও পড়ুন: রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এন্দ্রিক
চলতি সপ্তাহে কার্ডিফ সিটির বিপক্ষে ম্যাচের আগে পার্কার বলেন, ‘এখনও কোনো কাগজে স্বাক্ষর হয়নি। তবে এটুকু নিশ্চিত থাকুন যে, ভালো কিছু হতে চলেছে।’
ছেলে মেন্দেসের ওপর বাবার খ্যাতির চাপ দিতে চান না বার্নিলি বস। তিনি বলেন, ‘তার এখানে আসার খবর ঘিরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা আমিও টের পাচ্ছি। তবে এত ছোট একটি ছেলের ওপর বিশাল পরিমাণ প্রত্যাশার চাপ দেওয়াটা অন্যায় হবে।’
‘সেও জানে যে তাকে (ক্লাবের) ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এখানে আনা হচ্ছে। তাই তার ওপর এর চেয়ে বেশি চাপ আমি দিতে চাই না।’
২০০৫ সালে রোনালদিনিয়ো ও নৃত্যশিল্পী জানাইনা মেন্দেসের ঘর আলোকিত করে পৃথিবীর মুখ দেখেন জোইয়াও মেন্দেস। ছোটবেলায় ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোয় যোগ দিয়ে পরবর্তীতে ক্রুজেইরোর অ্যাকাডেমিতে বেড়ে উঠেছেন তিনি।
এরপর ২০২৩ সালে এক বছরের চুক্তিতে বার্সেলোনার অ্যাকাডেমিতে যোগ দেন মেন্দেস, যার মেয়াদ শেষ হয়েছে এ বছরের জুলাইয়ে। এবার তিনি পেশাদার ফুটবলে পা দিতে চলেছেন।
ব্রাজিলের পাশাপাশি বাবার কর্মক্ষেত্র সূত্রে স্পেনের পাসপোর্টও আছে এই তরুণের। তাই জাতীয় দলে খেলার ক্ষেত্রে ভবিষ্যতে ব্রাজিল বা স্পেন, যেকোনো একটি দেশ বেছে নিতে পারবেন তিনি।
আরও পড়ুন: সৌদির বিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণে ‘রাজি’ ভিনিসিউস
৬৫৭ দিন আগে
উয়েফার ম্যাচে ৩৪ পেনাল্টি শটের রেকর্ড
উয়েফার ইউরোপা লিগের বাছাইপর্বে ঘটে গেল এক বিরল ঘটনা। ম্যাচের ফয়সালা করতে ৩৪টি পেনাল্টি শট নিতে হয়েছে দুই দলের। আর এতেই রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে ম্যাচটি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ইউরোপা লিগের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে এ ঘটনা ঘটে। ডাচ ক্লাব আয়াক্স ও গ্রিক ক্লাব প্যানাথিনাকসের মধ্যকার এই ম্যাচটি ১৩-১২ ব্যাবধানে শেষ পর্যন্ত জিতে নিয়েছে নেদারল্যান্ডসের ক্লাবটি।
গত সপ্তাহে প্রথম লেগে গ্রিসে ১-০ ব্যবধানে জিতে এসে দ্বিতীয় লেগে ঘরের মাঠে খেলতে নেমেছিল আয়াক্স। তবে ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পথে ৮৯তম মিনিটে গোল খেয়ে বসে ডাচ ক্লাবটি। ফলে অগ্রগামিতায় ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচের ভাগ্য নির্ধারণে শুরু হয় টাইব্রেকার।
তবে সেই যে শুরু হলো, তা যেন আর থামতেই চাইছিল না। ম্যারাথন এ টাইব্রেকারে আয়াক্সের গোলরক্ষক রেমকো পাসভির পাঁচটি শট ঠেকান এবং নিজেও একটি গোল করেন। অবশেষে ৩৪তম শটে দলকে জয়সূচক গোলটি এনে দেন আয়াক্স ডিফেন্ডার আন্তন গাই। আর এর ফলেই হয়ে যায় রেকর্ড।
উয়েফার প্রতিযোগিতায় এর আগের রেকর্ডটি ছিল ৩২ শটের। ২০০৭ সালে উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ১৩-১২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
তবে উয়েফার ম্যাচে পোনাল্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগের বাছাইপর্বে গ্লেনটোরানের বিপক্ষে জিজিরা ইউনাইটেডের ১৪-১৩ ব্যাবধানের জয়টিই এখন পর্যন্ত সর্বোচ্চ।
অবশ্য ফুটবলে সবচেয়ে বেশি শটের বিশ্বরেকর্ড গড়া হয়েছে এ বছরের মে মাসেই। ইসরায়েলের একটি তৃতীয় বিভাগের ম্যাচে ৫৬ শট নেওয়ার পর ম্যাচের ফলাফর চূড়ান্ত হয়।
ম্যাচের পর আয়াক্স কোচ ফ্রান্সেসকো ফারিওলি বলেন, ‘আজ রাতে দলের উদ্দীপনা ও নিবেদন ছিল অসাধারণ। আমরা নিখুঁত নই, তবে এটুকু বলতে পারি যে খেলোয়াড়রা তাদের সবটুকু দিতে দিয়েছে।’
জিগো স্পোর্টসকে তিনি আরও বলেন, ‘এ ধরনের ম্যাচের পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। যদিও সময় একটু বেশি লেগেছে, তবে এই জয়ে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এগিয়েছি।’
এই জয়ের পর আগামী মৌসুমের ইউরোপা লিগের লিগ পর্বে জায়গা করে নিতে জাগিয়েলোনিয়া বিয়ালিস্টকের বিপক্ষে চলতি মাসেই দুই লেগের প্লে-অফ খেলে জিততে হবে আয়াক্সের।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে ভিএআর সিদ্ধান্তের ব্যাখ্যা দেবে ইপিএল
৬৫৭ দিন আগে
পদত্যাগ করবেন বিসিবি সভাপতি পাপন
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বাংলাদেশের প্রতিটি সেক্টরে পরিবর্তনের ঢেউ লেগেছে। এমনি পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।
বিদেশ থেকে ফোনে বিসিবির এক জ্যেষ্ঠ পরিচালককে পাপন নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ঢাকার একটি পত্রিকায় খবর বেরিয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাপন লন্ডনে পালিয়ে গেছেন।
আরও পড়ুন: ক্রিকেটারদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করলেন গাজী আশরাফ
সম্প্রতি বিসিবির ৭-৮ জন সক্রিয় পরিচালকের উপস্থিতিতে এক বৈঠকে তাদের একজন পাপনের পদত্যাগের ইচ্ছার কথা জানান।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, যা পরে বোর্ড সভায় অনুমোদন করতে হবে।
বিসিবিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন অক্টোবরে বাংলাদেশে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন পরিচালক। আইসিসি টুর্নামেন্টের ভেন্যু নিয়ে ২০ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: 'বাংলাদেশ ক্রিকেটের সংস্কার’-এর দাবিতে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ
৬৫৮ দিন আগে
লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত
বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামালের বাবা মুনির নাসরুইকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ আগস্ট) স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মাতারো শহরের একটি কার পার্কিংয়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক লা ভানগার্দিয়া।
খবরে বলা হয়েছে, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে পাশের বাদালোনা শহরের সান রুতি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিইর খবরে বলা হয়েছে, তার অবস্থা গুরুতর হলেও বর্তমানে কিছুটা স্থিতিশীল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাসরুইকে মোট তিনবার ছুরিকাঘাত করা হয়। তার বুকে একবার এবং পেটে দুবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
এ ঘটনার পর বুধবারই তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক পুলিশ বাহিনী মোসস দি’এসকুয়াদ্রা। পরে বৃহস্পতিবার আরও একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে কী কারণে এই হামলা করা হয়েছে, সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। অবশ্য ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, পার্কিংয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে ঝগড়া করছেন নাসরুই। এরপরই এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, বার্সেলোনার লা মাসিয়া ফুটবল অ্যাকাডেমিতে বেড়ে ওঠার পর গত মৌসুমে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের হাত ধরে পেশাদার ফুটবলে অভিষেক হয় লামিন ইয়ামালের। তবে সম্প্রতি স্পেনের ইউরো জয়ের মিশনে মাঠে আলো ছড়ান ১৬ থেকে ১৭ বছরে পা দেওয়া ইয়ামাল।
১৭ বছর বয়সেই তাকে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বার্সেলোনা-উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন অনেকে। তাই কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আসন্ন মৌসুমে এমবাপ্পে-ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষা করছে ফুটবল বিশ্ব।
ফুটবলবোদ্ধাদের ধারণা, দীর্ঘ সময় ধরে চলা মেসি-রোনালদো যুগের অবসানের পর ফুটবল বিশ্বে নতুন যুগের সূচনা করতে চলেছেন এমবাপ্পে-ইয়ামাল।
আরও পড়ুন: নিকো উইলিয়ামসকে সময় বেঁধে দিল বার্সেলোনা
৬৫৮ দিন আগে