খেলাধুলা
‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
ম্যাচে তখন অতিরিক্ত যোগ করা সময়ের ১৩ মিনিটের খেলা চলছে। এরইমধ্যে গোল পেয়ে ম্যাচে সমতা টানে বায়ার্ন। কিন্তু গোলে শট করার আগমুহূর্তে অফসাউডের বাঁশি বাজিয়ে দেন রেফারি। ফলে টিভি রিভিউতে আপাতঃদৃষ্টিতে অফসাইড মনে না হলেও গোলটি বাতিল হয়ে যায়।
গোলের সামনে বল থাকলে সেটি গোল বা খেলার মোড় পরিবর্তন না করা পর্যন্ত অফসাইডের পতাকা তুলতে বা বাঁশি বাজাতে অপেক্ষা করবেন রেফারি। উয়েফার অফসাইড আইনে এমনটি থাকলেও বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে তা মানা হয়নি।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
রেফারির এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক বায়ার্ন মিউনিখ স্কোয়াড। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কোচ টমাস টুখেলসহ অনেকে।
খেদ ঝরতে দেখা গেল টমাস মুলারের কণ্ঠেও। ম্যাচ শেষে মিক্সড জোনে ক্ষোভ ঝাড়েন তিনি। রিয়ালের প্রতি অভিযোগের আঙুল তুলে বায়ার্ন-অন্ত প্রাণ মুলার বলেন, ‘দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। ২০১৭ সালেও আমাদের সঙ্গে এটা ঘটেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো দুই গোল করেছিল। সেটা অবশ্য ভিএআরের আগে।’
তিনি বলেন, ‘রেফারি ভিএআর-এর সাহায্য নেননি। তিনি এটা দেখার সুযোগও পাননি। অথচ দ্রুত বাঁশি বাজিয়ে দিলেন! সত্যিই অদ্ভুত, অবিশ্বাস্য সিদ্ধান্ত।
‘সাধারণত বাঁশি বাজানোর আগে খেলোয়াড়দের অন্তত তিন মিটার দৌড়ানোর সুযোগ দেওয়া হয়। অথচ… জানি না আসলে কী ঘটেছে।’
আরও পড়ুন: চিরায়ত শেষের মিরাকলে ফাইনালে রিয়াল
এ বিষয়ে গোলদাতা ডি লিখট বলেন, ‘হোসেলুও গোল করার সময় প্রায় অফসাইড ছিল, কিন্তু তখন তারা খেলা চালিয়ে গেছেন। তাহলে আমাদের বেলায় কেন নয়?’
বায়ার্ন বস এটিকে ‘বিশ্বাসঘাতকতার’ সামিল বলে মন্তব্য করেছেন।
৭৫৬ দিন আগে
অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ মুহুর্তে গোল পেয়ে দলকে সমতায় ফেরান বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখট। তবে বল জালে জড়ানোর কয়েক মুহূর্ত আগেই লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন। ফলে গোলটি বাতিল হয়।
এ ঘটনা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ম্যাচশেষে ওই লাইনসম্যান নিজেও নিজের ভুল স্বীকার করেছেন বলে দাবি ডি লিখটের।
ম্যাচ শেষে ডি লিট বলেন, ‘লাইনসম্যান আমাকে বলেছেন- দুঃখিত, ভুল করেছি।’
বায়ার্নের বল জালে জড়ানোর আগে রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ঠিক একই ধরনের খেলায় তাকে বিপরীত আচরণ করতে দেখা যায় কয়েক মিনিট আগে। অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে হোসেলুর দ্বিতীয় গোলে ম্যাচে এগিয়ে যায় রিয়াল। সে সময় জালে বল জড়ানোর পর অফসাইড পতাকা তোলেন লাইনসম্যান। পরে ভিএআর রিভিউতে দেখা যায় অফসাইড ছিলেন না হোসেলু। ফলে গোলটি দেয়া হয় রিয়াল মাদ্রিদকে। অথচ বায়ার্নের বেলায় ঘটে বিমাতাসুলভ আচরণ।
আরও পড়ুন: চিরায়ত শেষের মিরাকলে ফাইনালে রিয়াল
এ বিষয়ে ডি লিখট বলেন, ‘নিয়ম অনুযায়ী, অফসাইড নিশ্চিত না হলে খেলা চালিয়ে যেতে হবে। আর শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো, আমার মনে হয় এটা বড় ধরনের ভুল।
‘অফসাইড হয়েছে কি না, আমি জানি না; সেটা ভিএআর পরীক্ষা করতে পারত। কিন্তু এটা (অফসাইড) পরীক্ষা করে না দেখলে বুঝলেন কীভাবে?’
তিনি বলেন, ‘আমার কাছে এটাকে লজ্জাজনক কাজ বলে মনে হয়েছে। হোসেলুও গোল করার সময় প্রায় অফসাইড ছিল, কিন্তু তখন তারা খেলা চালিয়ে গেছেন। তাহলে আমাদের বেলায় কেন নয়?’
৭৫৬ দিন আগে
চিরায়ত শেষের মিরাকলে ফাইনালে রিয়াল
‘ম্যাচের শেষ ১০ মিনিট রিয়াল মাদ্রিদকে সতর্কতার সঙ্গে মোকাবিলা কর’- এটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা যে কোনো দলের জন্য অলিখিত নিয়ম। আর তা একবারের জন্য ভুলে গিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হলো না বায়ার্ন মিউনিখের।
রিয়ালের ১২টি আক্রমণ, তার মাঝে অন্তত ৭টি নিশ্চিত গোল অসাধারণ দক্ষতায় প্রতিহত করেও শেষে এসে গুলিয়ে ফেললেন বায়ার্ন অধিনায়ক মানুয়েল নয়ার। আর ওই একটি সুযোগ কাজে লাগিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন হোসেলু। মুহুর্তের মধ্যে আরও একটি গোল করে একাই ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তুললেন ফাইনালে।
ম্যাচের সারাংশ অনেকটা এমনই। ৮১তম মিনিটে মাঠে নেমে ৮৮ ও শেষ মিনিটে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দিলেন রিয়ালে বছরের পর বছর ধরে ব্রাত্য হোসেলু।
এ জয়ে ১৮ বারের মতো ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে পা রাখল রিয়াল মাদ্রিদ। আগামী ১ জুন জার্মানির আরেক দল বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবিলা করবে তারা।
৭৫৭ দিন আগে
শেষ ২ ম্যাচে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে তাই ধবলধোলাইয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।
শেষ দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমান।
বুধবার এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি।
শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। তবে বাজে পারফর্ম করলেও আরও সুযোগ পাচ্ছেন লিটন দাস।
এদিকে প্রথম তিন ম্যাচে খেলার সুযোগ না পেলেও স্কোয়াড থেকে ছাঁটাই করা হয়েছে আফিফ হোসেন ও পারভেজ হোসেনকে।
এর আগে আইপিএল থেকে ফেরা মোস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলতে প্রথম তিন ম্যাচে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য।
আগামী ১০ ও ১২ মে মিরপুর শের-ই বাংলায় চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
৭৫৭ দিন আগে
মারাদোনোর চুরি যাওয়া গোল্ডেন বল নিলামে উঠছে
১৯৮৬ সালের বিশ্বকাপ দিয়েই ইতিহাসে অমর হয়ে আছেন ‘আর্জেন্টিনা ফুটবলের ঈশ্বর’ দিয়েগো আরমান্দো মারাদোনা। ওই বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল পান তিনি। কিন্তু গত বছর ট্রফিটি উধাও হয়ে যাওয়ার খবর আসে।
তবে সেই গোল্ডেন বলটি এবার নিলামে উঠছে বলে জানিয়েছে নিলাম হাউজ আগুত্তেস।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আগামী ৬ জুন নিলামে উঠবে মারাদোনোর ’৮৬ বিশ্বকাপের গোল্ডেন বলটি। এখনও এর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়নি। তবে তা মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির।
মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের বিশ্বকাপের মাধ্যমে মারাদোনা কিংবদন্তির তালিকায় উঠে আসেন। টুর্নামেন্টে পাঁচ গোল করেন তিনি, যার মধ্যে ছিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ এবং ‘গোল অফ দ্য সেঞ্চুরি’র মতো সব কীর্তি।
সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলেন মারাদোনা। আর সেখানে রোমাঞ্চকর লড়াইয়ে তৎকালীন পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা উঁচিয়ে ধরেন এই ক্ষুদে জাদুকর। টুর্নামেন্ট সেরা হয়ে পান গোল্ডেন বলও।
কোভিড মহামারি চলাকালে ২০২০ সালের নভেম্বর মাসে মারা যান মারাদোনা। ২০২৩ সালে তার এই স্মারক উধাও হয়ে গেছে বলে খবর চাউর হয়। এরপর থেকে এটির কোনো হদিস ছিল না।
তবে গত এক বছর ধরে আগুত্তেসের কাছেই পুরস্কারটি ছিল বলে জানান নিলামকারী প্রতিষ্ঠানটির ক্রীড়া বিশেষজ্ঞ ফ্রাঁসোয়া থিয়েরি। তিনি জানান, সম্প্রতি এটি তাদের হাতে আসে। এরপর আসল প্রমাণিত হওয়ার পর আগামী ৬ জুন ট্রফিটি নিলামে তুলতে যাচ্ছেন তারা।
৭৫৭ দিন আগে
‘ইয়েলো ওয়াল’ ভাঙতে ব্যর্থ হয়ে পিএসজির বিদায়
রেফারির বাঁশি বাজতেই মাঠের একদিকের ছোট্ট এক ফালি হলুদ অংশের দিকে ছুটল ডর্টমুন্ডের খেলোয়াড়রা। সেখানে তখন ঝরছে আনন্দের বৃষ্টি আর পুরোটা মাঠজুড়ে ছড়িয়ে আছে হতাশার কালো মেঘ। দুই গোলের ব্যবধানে জিতে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলতে নামা পিএসজি শেষ পর্যন্ত আরও একবার হেরে বসেছে। আরও একবার শেষ হয়ে গেছে তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগেও ১-০ গোলে হেরে ফাইনালে আর ওঠা হয়নি লুইস এনরিকের পিএসজির। আর ২-০ গোলের অগ্রগামিতায় ১১ বছর পর ফাইনালে উঠল বরুশিয়া ডর্টমুন্ড।
এদিন আবারও ডর্টমুন্ডের টিম ওয়ার্কের কাছে সব কৌশল পরাস্ত হয়েছে লুইস এনরিকের। সেই সঙ্গে ছিল হলুদ জার্সিধারীদের রক্ষণের অসাধারণ দক্ষতা।
ডর্টমুন্ডের ‘ইয়েলো ওয়াল’-এর সামনে নিরস্ত হয়েছে পিএসজির ৪৫টি প্রচেষ্টা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এতবার গোলের সুযোগ তৈরি করেও গোল না পাওয়ার এমন উদাহরণ আর নেই। তবে তার সঙ্গে ছিল তাদের পোড়া কপাল। ভাগ্যদেবী কাল তাদের প্রতি যেন অপ্রসন্নই ছিলেন। নাহলে এক ম্যাচে চারটি দারুণ গোলের সম্ভাবনা পোস্টে লেগে ফিরে আসে?
আক্রমণ, গেম বানানো, প্রতি আক্রমণ, বল দখলে নেওয়া কিংবা নিয়ন্ত্রণ- সব বিভাগেই অসাধারণ নৈপুণ্যে ম্যাচ শুরু করে পিএসজি। প্রথম ত্রিশ মিনিট ডর্টমুন্ডকে একপ্রকার কোণঠাসা করে রাখেন এমবাপ্পে-দেম্বেলেরা, কিন্তু গোলের ভালো সুযোগ কোনোভাবেই মিলছিল না। বল শট নেওয়ার আগমুহুর্তে কিংবা বক্সের মধ্যে পাস দিলেই সেগুলোকে প্রতিহত করছিলেন ডর্টমুন্ডের ডিফেন্ডাররা।
৭৫৭ দিন আগে
তৌহিদের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ১৬৫
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম যথাক্রমে ১২ ও ২১ রান করে সাজঘরে ফিরে যান।
ইনিংসের তৃতীয় ওভারে মুজারাবানির বলে পরপর তিনবার স্কুপ শট খেলার চেষ্টা চালিয়ে বোল্ড হলেন লিটন। লিটনের এভাবে উইকেট বিলিয়ে আসা তার ব্যাটিং অ্যাপ্রোচকে প্রশ্নবিদ্ধ করে।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মাত্র ৬ রান করে সিকান্দার রাজার বোলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।
টপ অর্ডারের এমন ধসের পর তৌহিদ হৃদয় ও জাকের আলীর দারুণ জুটি ইনিংসের সমতা ফেরায়।
৩৮ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের সেরা বোলার ব্লেসিং মুজারাবানির শিকার হন তৌহিদ হৃদয়। ৩৪ বলে ৪৪ রান করে জাকের আলীও মুজারাবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচেও জয় পাওয়া বাংলাদেশ আজকের ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে।
অন্যদিকে সিরিজে লড়াইয়ে টিকে থাকতে জিম্বাবুয়েরও জয়ের চেষ্টা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে পেরেছে দলটি। জয়ের জন্য ২৬ বলে ৫৬ রান করতে হবে তাদের।
৭৫৮ দিন আগে
প্যারিস জয় করে কি ফাইনালে যেতে পারবে ডর্টমুন্ড
রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্যারিসের মাঠে খেলতে নামছে ১৯৯৬-৯৭ মৌসুমের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড। জিগনাল ইদুনায় নিজেদের সমর্থকদের সঙ্গে নিয়ে ১ গোলে এগিয়ে থেকে রাতে পিএসজির বিপক্ষে মাঠে নামছে এদিন তেরজিকের শিষ্যরা। তবে পিএসজির দুর্দান্ত আক্রমণভাগ সামলে শেষ পর্যন্ত তারা ফাইনালে উঠতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়ে যায়।
এ সংশয়ের কারণের বেশিরভাগটা ডর্টমুন্ড নিজেরাই। চলতি মৌসুমে লিগে তাদের পারফরম্যান্স একেবারেই যাচ্ছেতাই। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পরিবর্তন হওয়াতে পঞ্চম দল হিসেবে ইউরোপ সেরার এই আসরে জায়গা করে নিয়েছে তারা। তা না হলে ইউরোপা লিগে অবনমন হতো ডর্টমুন্ডের।
আরও পড়ুন: এবার লোপেতেগির দিকে নজর বায়ার্নের
অন্যদিকে, প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হেরেও বার্সেলোনার মাঠে গিয়ে দক্ষতা, গতি ও কৌশলে ন্যু ক্যাম্প থেকে ৪-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে লুইস এনরিকের পিএসজি।
সেমিতেও প্রথম লেগে ১-০ গোলে হেরে পার্ক দে প্রান্সে ম্যাচ শুরু করবে তারা। এ দিন এমবাপ্পে-দেম্বেলেরা ডর্টমুন্ডের ‘ইয়েলো ওয়াল’ ভেঙে ফিরে আসার আরেকটি গাঁথা রচনা করতে পারেন কি না তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আজকের ম্যাচের কৌশল নিয়ে আলোচনা করতে গেলে লুইস এনরিকের দলের কথাই আগে বলতে হয়। বার্সেলোনাকে ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জেতানো এ কোচের খেলোয়াড়ি দর্শন সম্পর্কে সবারই জানা। পজেশনাল ফুটবলের আদর্শ এ কোচের দলকে তাই জয়ের পাল্লায় কিছুটা ভারী করে রাখতে হয়।
সেক্ষেত্রে ভিতিনিয়া, জাইরে এমেরি, মার্কো আসেনসিও, ম্যানুয়েল উগার্তে ও ফ্যাবিয়ান রুইজদের কারণে মাঝমাঠ নিয়ে খানিকটা স্বস্তিতেই থাকবেন এনরিকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখতে পারলে উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে ও ব্র্যাডলি বারকোলারা যে কী ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা আর নতুন করে বলে দিতে হয় না।
তাছাড়া লুকা এরনান্দেস ইনজুরিতে ছিটকে গেলেও জিয়ানলুইজি দোন্নারুমার সামনে আশরাফ হাকিমি, মারকিনিয়োস ও নুনো মেন্দেসের মতো রক্ষণভাগও পিএসজি সমর্থকদের দুশ্চিন্তা কমাতে ভূমিকা রাখবে।
আবার কাউন্টার অ্যাটাক হোক কিংবা লং শট, সব ধরনের আক্রমণের সামর্থ্যই রয়েছে প্যারিসের দলটির। তার ওপর আবার নিজেদের ঘরের মাঠে ‘আল্ট্রা’র সামনে যে প্রাণশক্তি নিয়ে খেলবে পিএসজি, এগুলোই ম্যাচের ভাগ্য তাদের পক্ষে গড়ার জন্য যথেষ্ট।
তবে শক্তি, কৌশল, পরিবেশ- সব পিএসজির পক্ষে থাকলে দলগত খেলায় ডর্টমুন্ডকে পিছিয়ে রাখার সুযোগ নেই। প্রথম লেগে তুলনামূলক ভালো পারফর্ম করেও ডর্টমুন্ডের টিম ওয়ার্কের কাছে বারবার হতাশ হয়েছেন এমবাপ্পেরা।
ওই ম্যাচে মাট হুমেলসের নেতৃত্বে ইয়ান মাটসেন, নিকলাস জুলেরা যে সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন, তাতে আজও পিএসজির আক্রমণভাগ নিষ্ক্রিয় হয়ে পড়লে ম্যাচ শেষে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম লেগে ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি পিএসজি।
আরও পড়ুন: প্যালেসের মাঠে ধরাশায়ী ইউনাইটেড
আবার মাঝমাঠে এমরে চান, মার্সেল জাবিৎসারদের মতো অভিজ্ঞ অস্ত্র রয়েছে তেরজিকের হাতে। তাদের সঙ্গে বাড়তি পাওনা হিসেবে আছেন জেডন স্যানচো। গত ম্যাচের পুরোটা আলোই কেড়ে নিয়েছিলেন তিনি। সেদিন ম্যাচজুড়ে তিনি কী না করেছেন! গোলটাই কেবল পাননি। ওই ম্যাচে মোট ১৩টি সফল ড্রিবল করেন স্যানচো, ২০১৫ সালে নেইমারের (১৫) পর যা সর্বোচ্চ।
ধারণা করা হচ্ছে, আজকেও তাকে মাঝমাঠে খানিকটা স্বাধীনতা দেবেন কোচ। সেক্ষেত্রে মাঝমাঠে ৪ জন খেলাতে পারেন তেরজিক। আবার এনরিকের পজেশনাল ফুটবলের কারণে মূল লড়াইটা হবে মাঝমাঠেই। তাই বল দখলের লড়াইয়ে সমানে সমান টক্কর দিতে পারলে ওপরে থাকা ইউলিয়ান ব্রান্ডট ও স্যানচোর পায়ে বল বেশি যাওয়ার সম্ভাবনা বাড়বে। আর তাতে কারিম আদেয়ামি ও নিকলাস ফুলক্রুগরা গোলকিপারের ঠিকমতো পরীক্ষা নিতে পারবেন।
চরম বৈরী পরিবেশে স্নায়ু ধরে রেখে নিজেদের কতটা মেলে ধরতে পারবেন মার্কো রয়েসরা, তার ওপরই নির্ভর করবে ম্যাচে তাদের ভাগ্য। অন্যদিকে, মাঠের সব সুবিধা নিতে যদি ব্যর্থও হন, তারপরও শুধু কদাচিৎ আসা সুযোগগুলো কাজে লাগিয়ে ফল পাল্টে দেওয়ার সামর্থ্য রাখেন এমবাপ্পে-দেম্বেলেরা।
সবকিছুর ওপরে ম্যাচের কলকাঠি নাড়বেন ডাগআউটে থাকা দুই কোচ। রসদে ভরপুর দলের সঙ্গে এনরিকের কৌশলকে ভিন্ন কৌশল দিয়েই মাত করতে হবে তেরজিকের। তা না হলে বিশ্লেষকদের ধারণা সত্যি করে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে যাবে পিএসজি।
সম্ভাব্য একাদশ
পিএসজি: দোন্নারুমা, হাকিমি, মার্কিনিয়োস, বেরালদো, নুনো মেন্দেস, ভিতিনিয়া, উগার্তে, ফ্যাবিয়ান রুইজ, দেম্বেলে, এমবাপ্পে, বারকোলা। (৪-৩-৩)
ডর্টমুন্ড: কোবেল, মাটসেন, জুলে, হুমেলস, ভল্ফ, চান, জাবিৎসার, আদেয়ামি, ব্রান্ডট, স্যানচো, ফুলক্রুগ। (৪-২-৩-১)
প্রেডিকশন: পিএসজি ৩-১ ডর্টমুন্ড।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
৭৫৮ দিন আগে
বিশ্বকাপ থেকে বাদ পড়েও অসন্তুষ্ট নন ফ্রেজার-ম্যাকগার্ক
দুটি চমক রেখে গত বুধবার (১ মে) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত স্কোয়াডে নেই স্টিভেন স্মিথ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উদীয়মান বিধ্বংসী ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক।
টি-টোয়েন্টি ফরম্যাটে স্মিথের না থাকাটা মেনে নিলেও ফ্রেজার-ম্যাকগার্কের বাদ পড়াটা মানতে পারছেন না ক্রিকেট ভক্তদের অনেকে। এ নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
চলবে না কেন? আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ক্যাপ এখনও মাথায় না উঠলেও ইতোমধ্যে ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দানবীয় আবির্ভাব হয়েছে ফ্রেজার-মাকগার্কের।
গত অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি হাঁকান ফ্রেজার-ম্যাকগার্ক। একদিনের ম্যাচের স্বীকৃত ক্রিকেটে এটিই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। এরপর বিগ ব্যাশে ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে তিনি করেন ২৫৭ রান। চলমান আইপিএলেও তাণ্ডব চালাচ্ছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমে ২ ম্যাচে মাত্র ১৫ বলে ফিফটি পার করেছেন ফ্রেজার-ম্যাকগার্ক, যার একটিতে করেন ২৭ বলে ৮৪ রান। আসরে এখনও পর্যন্ত ৬ ইনিংসে তিন ফিফটিতে ২৫৯ রানের সংগ্রাহক এই তরুণ। আইপিএলে তার স্ট্রাইক রেটের গড় ২৩৩.৩৩।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে শামার জোসেফ
এত তাড়াতাড়ি ক্রিকেটে এতসব পরিসংখ্যান তৈরির পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যাটিং ঝড় দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরা। অথচ দলেই তাকে না রাখায় মন ভেঙেছে অনেকের।
তবে এসবের মাঝেও নির্ভার রয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। তার মতে, অস্ট্রেলিয়ার মতো দলে হুট করেই যে জায়গা আদায় করা কঠিন, সেটা ভালোভাবেই বোঝেন তিনি।
এ বিষয়ে ‘উইলো টক’ পডকাস্ট-এ তিনি বলেন, ‘আমার মনে হয় না যে, আমি এমন অবস্থান তৈরি করেছি যার জন্য আমাকে (অন্য কারো জায়গায়) দলে নেওয়া হবে।
‘দেখুন বিশ্বকাপ ক্রিকেট আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে একদম আলাদা।’
অস্ট্রেলিয়ার তারকায় ঠাসা ব্যাটিং লাইন আপের মধ্যে ফাঁকা জায়গা খুঁজে পাচ্ছেন না তিনি নিজেও। তার কথায়, ‘এটাও বুঝতে হবে যে দলে জায়গা বের করা সজহ নয়। ওপেনার হিসেবে সেখানে আছেন ডেভিড ওয়ার্নার। তিন সংস্করণেই তিনি আমাদের সর্বকালের সেরা ওপেনার। আছেন ট্র্যাভিস হেডও; আইপিএলে তিনি জ্বলে উঠেছেন। শুধু আইপিএল কেন, গত দেড় বছর ধরে তিনি কী করে চলেছেন, তা সবাই দেখেছে।
‘এরপর ধরুন মিচেল মার্শ। তিনি আমাদের অধিনায়ক। আবার ব্যাটিংয়েও সমানভাবে আলো ছড়িয়ে চলেছেন।’
তিনি বলেন, ‘পাঁচ ছয় নম্বরেও নিজেকে রাখতে পারছি না আমি। কারণ, টিম ডেভিড, ক্যামেরন গ্রিনদের মতো খেলোয়াড়রা এই পজিশনে মোটামুটি থিতু হয়ে গেছেন।
‘আমি বিষয়টি এভাবে দেখছি। স্কোয়াড ঠিকই আছে। দলে জায়গা পেতে আমার হাতে সময়ও তো রয়েছে অনেক।’
আরও পড়ুন: আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই: বিসিবি’র জালাল ইউনুস
তবে যে কোনোভাবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে পারলে যে মন্দ হতো না, সেটিও অকপটে স্বীকার করলেন এই তরুণ।
তার ভাষ্য, ‘আমাকে যদি কোনোভাবে ট্রাভেলিং (রিজার্ভ) প্লেয়ার হিসেবেও দলের সঙ্গে রাখা হয়, তাহলে ব্যাপারটি আমার জন্য এক দারুণ সুযোগ হবে। অনেক কিছু শেখা হবে আমার।’
তবে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে একেবারেই হতাশ নন তিনি। বলেন, ‘বিষয়টি আমাকে একেবারেই ভাবাচ্ছে না। কারণ আমি সেটি এখনও অর্জন করেছি- তা আমার একেবারেই মনে হচ্ছে না।’
৭৫৮ দিন আগে
প্যালেসের মাঠে ধরাশায়ী ইউনাইটেড
ওল্ড ট্রাফোর্ডের সোনালী দিন ফেরাতে এরিক টেন হাগকে দায়িত্ব দিয়েছিল ক্লাবটির মালিকপক্ষ। শুরুতে কিছুদিন নতুন দিনের স্বপ্ন দেখালেও দ্বিতীয় মৌসুমে এসেও উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না দলটির। বরং দিন দিন খেই হারিয়ে ফেলছেন টেন হাগ।
সোমবার রাতে লিগ টেবিলের ১৪তম অবস্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে চলতি মৌসুমে প্যালেসের বিপক্ষে দুই লেগেই হারল তারা।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
২৫ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে যে উজ্জীবিত ফুটবল খেলেছে প্যালেস, তার সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি টেন হাগের শিষ্যরা। প্রথমার্ধে ২ গোল করে প্যালেস, দ্বিতীয়ার্ধেও একই ঘটনার পুনরাবৃত্তি করে তারা।
ম্যাচের ১২তম মিনিটে বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন প্যালেসের ফরাসি মিডফিল্ডার মিকেল ওলিস। এরপর ৪০তম মিনিটে আরেক ফরাসি জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যালেস।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র। ম্যাচ পুনরায় শুরু হওয়ার ১৩তম মিনিটে ডিফেন্ডার টাইরিক মিচেল ফের ব্যবধান বাড়ান। এর ৮ মিনিট পর অসাধারণ দক্ষতায় ইউনেইটেডের জয়ের সম্ভাবনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওলিস।
আরও পড়ুন: এবার লোপেতেগির দিকে নজর বায়ার্নের
এ নিয়ে সবশেষ ১০ ম্যাচের ৪টিতেই হারল ইউনাইটেড। এছাড়া চার ম্যাচে করেছে ড্র, জিতেছে মাত্র দুটিতে।
গতরাতের হারে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার সম্ভাবনাও ফিকে হয়ে গেছে টেন হাগের দলের। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে ইউনাইটেড। তাদের সমান পয়েন্ট নিয়ে ১৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে সপ্তম অবস্থানে চেলসি।
ইউনাইটেডের এমন বিব্রতকর হারের রাতে দারুণ এক কীর্তি গড়েছে প্যালেস। প্রিমিয়ার লিগে এবারই প্রথম তারা ইউনাইটেডকে দুই লেগেই হারাল।
৭৫৮ দিন আগে